কটিয়াদীতে এনজিওর পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার অভিযোগে ডিকে ফাউন্ডেশন অব বাংলাদেশ নামের বেসরকারি সংস্থার (এনজিও) পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী এক নারী গ্রাহক বাদী হয়ে এই মামলা করেছেন।গতকাল রোববার কটিয়াদী থানার পুলিশ অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে। নাছির উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপার্দ করেছে। আসামিরা হচ্ছেন: ওই প্রতিষ্ঠানের পরিচালক (নাম উল্লেখ করা হয়নি), ব্যবস্থাপক মো. হাসান (৪৫), সহকারী ব্যবস্থাপক রুবেল (৩৮), জসিম উদ্দিন (৩০), কামাল উদ্দিন (৩৭), নাছির উদ্দিন (৪০), আলাউদ্দিন (৩৮), নাছির উদ্দিন (৫৬), রুবেল (২৭), শরীফ (৩৫) ও দুজন নারী কর্মী। এ ব্যাপারে ডিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান ইকবাল মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের আমানত সংগ্রহ করার কোনো সরকারি আদেশ নেই। তা ছাড়া, কে বা কারা আমাদের প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে শাখা খুলে কটিয়াদীতে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করেছে, তা আমাদের জানা নেই।’ কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ বলেন, মামলা হয়েছে। নাছির উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনগণের টাকা আত্মসাৎকারীদের আইনের আওতায় আনা হবে। গত শনিবার প্রথম আলোর পৃষ্ঠা-১৯-এ ‘কটিয়াদীতে ৪০ লাখ টাকা নিয়ে এনজিও উধাও!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।