কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সরকারি কর্মকর্তারা গত মঙ্গলবার উপজেলা সমন্বয় সভা বর্জন করেছেন।জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল গনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানের সঙ্গে বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম। মঙ্গলবার মাসিক সমন্বয় সভা উপজেলা হলরুমে শুরু হলে ওই কর্মকর্তারা ভাইস চেয়ারম্যানের অসৌজন্যমূলক আচরণের বিচার দাবি করেন। বিচার না হওয়া পর্যন্ত তাঁর উপস্থিতিতে কোনো সভায় অংশ না নেওয়ার ঘোষণা দেন তাঁরা। পরে উপজেলা চেয়ারম্যান মো. আলী আকবরের কার্যালয়ে মাসিক সমন্বয় সভা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান বলেন, ভাইস চেয়ারম্যান কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে সভা বর্জন করা হয়।এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, একটি অশুভ শক্তি ভিত্তিহীন অভিযোগ এনে চক্রান্তে লিপ্ত রয়েছে।উপজেলা চেয়ারম্যান মো. আলী আকবর বলেন, বিষয়টি সাত দিনের মধ্যে মীমাংসা করা হবে।