কটিয়াদীতে খাল খননে অনিয়মের অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে খাল খননে ঠিকাদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, কার্যাদেশ অনুযায়ী খালটি যতটা প্রশস্ত ও গভীর করার কথা ছিল তা হচ্ছে না। তাই খননের পরও খালটি থেকে সেচের সুবিধা পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে কৃষকদের। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) স্থানীয় কার্যালয় সূত্র জানায়, দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই মানিকখালী নামের ওই খালটির মাধ্যমে কটিয়াদীর মুমুরদিয়া, চাঁদপুর, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নবাসী সেচের সুবিধা পেয়ে আসছিল। বিশেষ করে এলাকার বড় হাওরের হাজার হাজার একর জমির বোরো আবাদ এই খালটির ওপর নির্ভরশীল। তবে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এলাকার কৃষকেরা বিগত ১০ বছর ধরে খালটির সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিকল্প হিসেবে সেখানে যান্ত্রিক সেচের ওপর নির্ভর বেড়েছে। তবে বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে যান্ত্রিক সেচও ঠিকমতো দেওয়া যাচ্ছে না।এ অবস্থায় কৃষকদের সমস্যার কথা বিবেচনা করে বিএডিসি সম্প্রতি খালটি খননের উদ্যোগ নেয়। সব প্রক্রিয়া শেষে সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের খালটির কার্যাদেশ দেওয়া হয় শতদল ফার্ম ও লাকি স্টোর নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এর মধ্যে শতদল ফার্ম আড়াই কিলোমিটার এবং লাকি স্টোর পাঁচ কিলোমিটারের কার্যাদেশ পায়। কার্যাদেশে উল্লেখ করা হয়েছে, খালটির গভীরতা হবে দেড় মিটার বা পাঁচ ফুট আর প্রশস্ততা হবে ১০ মিটার। এ খননকাজের জন্য বরাদ্দ দেওয়া হয় মোট ১৩ লাখ টাকা। স্থানীয় সাংসদ আ. মান্নান চলতি বছরের ১৭ মার্চ খালটির খননকাজ উদ্বোধন করেন। এলাকাবাসীর অভিযোগ, কার্যাদেশে খালটি যে পরিমাণে গভীর ও প্রশস্ত করার কথা উল্লেখ আছে, তা করা হচ্ছে না। খালটি পাঁচ ফুট গভীর করে খননের কথা থাকলেও বাস্তবে গভীর করা হচ্ছে সর্বোচ্চ তিন ফুট পর্যন্ত। আর ১০ মিটার প্রশস্ত করার বদলে সাত-আট মিটার গভীর করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়া হয়েছে। তবে ঠিকাদারেরা ঠিকমতো কাজ করছেন কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের তেমন কোনো তদারকি নেই।চাঁদপুর ইউনিয়নের শেখেরপাড়া গ্রামের মাজু মিয়া (৪৫) বলেন, ‘যেভাবে খাল বানানো হইতাছে, তা দিয়া কোনো লাভ হইব বইলা মনে হয় না। এত কম গভীরতায় পানি থাকব না। আবার বর্ষাকালে পাড়ের মাটি আইসা খাল ভইরা যাইব।’এলাকাবাসীর অভিযোগের সত্যতা অনুসন্ধানে গত বৃহস্পতিবার সরেজমিনে খালটির সাত কিলোমিটার এলাকা ঘুরে দেখেন এই প্রতিবেদক। এ সময় পানিভর্তি খালের মধ্যেই এক্সকেভেটর (খনকযন্ত্র) খালে খননকাজ চলতে দেখা যায়। ফলে পানির ভেতর কতটুকু গভীর করে খাল খনন করা হচ্ছে তা বোঝার উপায় নেই। কার্যাদেশ মেনে কাজ করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাব ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি স্টোরের ব্যবস্থাপক নাসির এক কথায় জবাব দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘উনিশ বিশ হতে পারে’।বক্তব্যের জন্য শতদল ফার্মের কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএডিসির উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে এমন কোনো অভিযোগ আমাদের কাছে নেই। তার পরও সমস্যা থাকলে ঠিকাদারদের দিয়ে সারিয়ে নেওয়া হবে।’