কটিয়াদীতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে গত মঙ্গলবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করে পালানোর সময় ধরা পড়ে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। তবে ডাকাতদের অস্ত্রের আঘাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পাঁচজন আহত হন। একই দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ও চৌমহনী ইউনিয়নে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া গ্রামের প্রবাসী নজরুলের বাড়িতে মঙ্গলবার রাত দেড়টার দিকে হানা দেয় ২০-২৫ জনের একটি ডাকাত দল। ডাকাতেরা বাইরের লোহার গেট এবং ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর অস্ত্র দেখিয়ে গৃহবধূ কবিতাকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতেরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কবিতা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিত্কার দেন। তাঁর চিত্কার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। একপর্যায়ে জনতা দুই ডাকাতকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। ধরা পড়া দুই ডাকাত গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান। তাঁদের একজনের নাম নজরুল ইসলাম। বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। অপরজন আবদুল হাকিম, বাড়ি কটিয়াদীর মণ্ডলভুক গ্রামে।পালিয়ে যাওয়ার সময় ডাকাতেরা অস্ত্র দিয়ে এলাকাবাসীর অনেককে আঘাত করে। এতে আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও গ্রামবাসী মহির উদ্দিনসহ পাঁচজন আহত হন। মহির উদ্দিনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে এলাকাবাসীর সঙ্গে আমিও বেরিয়েছিলাম ডাকাতদের ধাওয়া করতে। এ সময় ডাকাতেরা ছুরি দিয়ে আমাকে আঘাত করে।’ বাড়ির গৃহকর্ত্রী আম্বিয়া খাতুন জানান, ‘আমার ছেলেরা সিঙ্গাপুর থেকে টাকা পাঠিয়েছে জানতে পেরে ডাকাতেরা বাড়িতে হানা দেয়। ডাকাতির সঙ্গে এলাকার কিছু লোকও জড়িত থাকতে পারে। ডাকাতেরা বলে গেছে, আমাকে পেলে জবাই করে ফেলবে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’ কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ উদ্দিন গতকাল বুধবার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি।কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম, কটিয়াদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি দল গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দুবাইপ্রবাসী আলী সর্দার ও তাঁর চাচা নাছির উদ্দিনের বাড়িতে মঙ্গলবার রাত দেড়টার দিকে হানা দেয় একদল ডাকাত। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের নাছির আলী ও বানিয়াপাড়া গ্রামের আবদুস ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।একই রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের স্কুলশিক্ষক আজিজুর রহমানের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা দরজা ভেঙে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল চৌমহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দাড়িয়াপুর গ্রামের এনু মিয়া ও একই জেলার সদর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সোনামুড়া গ্রামের নানু মিয়াকে গ্রেপ্তার করেছে।মাধবপুর থানার কাশিনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন উপজেলার তিন বাড়িতে ডাকাতি ও এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।