কটিয়াদীতে গলা কেটে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হরমুজ খাঁ (৫০) নামের এক মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ গতকাল বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে। হরমুজের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাহমুদনগর গ্রামে। তিনি পোনার ব্যবসা করতেন ও ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। হরমুজের স্ত্রী রহিমা খাতুন জানান, তাঁর স্বামী গত সোমবার বিকেলে বলেছিলেন, কটিয়াদীর এক লোকের কাছে মোটরসাইকেল ভাড়া বাবদ এক হাজার টাকা পাবেন। ওই লোককে কটিয়াদী থেকে গৌরীপুর এনে দিলে তিনি বকেয়াসহ তিন হাজার টাকা দেবেন। টাকা নিয়ে বাড়ি ফিরে ভালো বাজার করবেন। একটু ভালো রান্না করে সন্তানদের খাওয়াবেন। গতকাল সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে এসব কথা বলে বারবার মূর্ছা যান রহিমা। হরমুজ গতকাল ঠিকই বাড়ি ফিরেছেন। তবে লাশ হয়ে। নিহত হরমুজের বড় ছেলে ফজলু খাঁ বলেন, ‘বাবা গৌরীপুর উপজেলার বুকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডে সভাপতি ছিলেন। তাঁর কোনো রাজনৈতিক শত্রু ছিল না। তবে রাস্তা ও জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ছিল। প্রতিবেশীরা পরিকল্পিতভাবে পেশাদার খুনিদের দিয়ে বাবাকে হত্যা করাতে পারে।’ কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মদ জানান, এ ঘটনায় ওই দিন রাতেই রহিমা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে কটিয়াদীর জালালপুর টেকামারা গ্রামের ফেরদৌসী আক্তার ও শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।