কটিয়াদীতে গ্রেপ্তার সেই পাঁচজন জেলহাজতে
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ ও কটিয়াদী প্রতিনিধি:aনিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন পাঁচ সদস্যকে গতকাল বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন ৮ এর ৯(১) ধারায় ওই পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল কিশোরগঞ্জের আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালতের মুখ্য বিচারিক হাকিম নিলুফার ইয়াসমিন পরবর্তী যেকোনো সময় শুনানির দিন ধার্য করে ওই পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজবাহার আলী শেখ প্রথম আলোকে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটির বাসিন্দা কালিয়াচাপড়া চিনিরকল উচ্চবিদ্যালয়ের ধর্মের শিক্ষক মাসুদুর রহমান (৩৬), কিশোরগঞ্জ সদরের গাইটাল এলাকার আরিফ মিয়া (২৫), কিশোরগঞ্জ সদরের ডালিমগাজি এলাকার কামাল মিয়া (২৪), সদরের বাসুরচর এলাকার হুমায়ুন কবির (২৮) ও পাকুন্দিয়ার ঘাগড়া এলাকার মুজাহিদ (১৬)।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে কটিয়াদির দড়িচরিয়াকোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ভৈরব ক্যাম্পের একদল সদস্য ওই পাঁচজনকে আটক করেন।