কটিয়াদীতে চলছে গাছ নিধন
একদল দুর্বৃত্ত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কয়েকটি সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে। গত কয়েক মাসে দুর্বৃত্তরা এই সড়কগুলোর পাশ থেকে রাতের আঁধারে তিন শতাধিক গাছ কেটে নিয়ে গেছে। জানা গেছে, ১০ বছর আগে উপজেলার কটিয়াদী-মানিকখালী-করগাঁও সড়ক ও কটিয়াদী-গচিহাটা সড়কের পাশে রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সামাজিক বনায়ন প্রকল্পের অর্থায়নে গাছগুলো লাগানো হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলজিইডি গাছগুলো যৌথভাবে লাগায়। এর ৫৫ শতাংশের মালিক ইউনিয়ন পরিষদ, বাকি ৪৫ শতাংশ পাবে জমির মালিক। গত কয়েক মাসে দুর্বৃত্তরা এসব সড়কের পাশ থেকে অনেক গাছ কেটে নিয়ে গেছে। গত সোমবারও মুমুরদিয়া গ্রামের একটি এলাকা থেকে দুর্বৃত্তরা একটি গাছ কেটে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধনে সামাজিক বনায়ন প্রকল্পের এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে মুমুরদিয়া ইউনিয়নের লেংটিয়ার গ্রাম পুলিশ মোহাম্মদ বেশ কিছু গাছ কেটে ফেলে। স্থানীয় লোকজন বাধা দিলে মোহাম্মদ জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁকে গাছ কাটার নির্দেশ দিয়েছেন। মুমুরদিয়া ইউপির চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, ‘দুর্বৃত্তরা রাতের আঁধারে সড়কের পাশ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমি কয়েকটি মরা গাছ কাটার জন্য বলেছিলাম। অন্যান্য গাছ কারা চুরি করছে, তা আমার জানা নেই। ’চান্দুপুর ইউপির চেয়ারম্যান আবদুল কাইয়ুম বলেন, ‘গাছ কাটার ফলে বর্ষার মৌসুমে সড়ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি চৌকিদার দিয়ে সড়কে পাহারার ব্যবস্থা করবেন।’ ইউএনও কাজী সাইফুল ইসলাম জানান, গাছ কাটার ঘটনা জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।