কটিয়াদীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে ছুরিকাঘাতে শরীফ মিয়া নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। পূর্ববিরোধের জের ধরে শরীফকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একই এলাকার হাবিবুর রহমান ও দাদন মিয়ার সঙ্গে শরীফের পরিবারের ঝগড়া হয়। ওই ঘটনায় করা মামলায় হাবিবুর ও দাদনকে কারাগারে পাঠানো হয়। তাঁরা সম্প্রতি জামিনে মুক্তি পান। তাঁদের নেতৃত্বে শরীফকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলতে যাওয়ার পথে শরীফের (১৫) ওপর হামলা চালানো হয়। তার পেটে ছুরিকাঘাত করা হয়। এ ছাড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শরীফ মারা যায়। সে উপজেলার চান্দপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শরীফ হত্যার ঘটনায় দাদনকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।