কটিয়াদীতে ছেলের হাতে মা খুন বাবাসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের রামদী গ্রামে গতকাল শনিবার সৎছেলে বাবুল মিয়ার (৩৫) হামলায় মর্জিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় বাবুলের বাবা আবদুল হাসিমসহ আরও দুজন আহত হন।এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রথম স্ত্রী মারা গেলে ওই গ্রামের হাসিম পাশের নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামের মর্জিনাকে বিয়ে করেন। বিয়ের পর সম্পত্তি নিয়ে প্রথম পক্ষের ছেলে বাবুলের সঙ্গে হাসিমের বিরোধ সৃষ্টি হয়। গতকাল সকালে হাসিম, মর্জিনা ও সৎভাই আবদুল্লাহ (৩) জমিতে কাজ করার সময় বাবুল ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাঠি দিয়ে বেদম পেটাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই মর্জিনা প্রাণ হারান। গুরুতর আহত হাসিমকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসিমের অবস্থা আশঙ্কাজনক।মর্জিনার ভাই বজলুর রশিদ জানান, দুই মাস আগে শিশু আবদুল্লাহকে তার বাবা হাসিম কিছু জমি লিখে দেন। এ ঘটনায় বাবুল বাবা হাসিম ও সৎমা মর্জিনার প্রতি ক্ষুব্ধ হন। এর জের ধরে বাবুল এ হামলা চালান। মনোহরদী থানার ওসি মামুনুর রশিদ বলেন, ‘মনোহরদী সীমানায় থাকায় আমরা মর্জিনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।’