কটিয়াদীতে জেএমবি সদস্য সন্দেহে পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা থেকে পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার দুপুরে কটিয়াদীর দড়িচরিয়াকোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে আটক করে তাদের র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পে নেওয়া হয়।আটক হওয়া ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটির বাসিন্দা কালিয়াচাপড়া চিনিরকল উচ্চবিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক মাসুদুর রহমান (৩৬), ঘাগড়া এলাকার মুজাহিদ (১৬), কিশোরগঞ্জ সদরের গাইটাল এলাকার আরিফ মিয়া (২৫), ডালিমগাজির কামাল মিয়া (২৪) ও বাসুরচরের হুমায়ুন কবির (২৮)।র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পে গতকাল সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, আটক হওয়া আরিফের বড় ভাই আলম জেএমবির সক্রিয় সদস্য। কিছুদিন আগে আলম র‌্যাবের হাতে ধরা পড়েন। র‌্যাবের কাছে আলম জানিয়েছেন, তাঁর ছোট ভাই আরিফও জেএমবির সদস্য। আলমের স্বীকারোক্তির পর অনুসন্ধান চালিয়ে র‌্যাব নিশ্চিত হয়, কিশোরগঞ্জ অঞ্চলে জেএমবির কিছু সক্রিয় সদস্য রয়েছেন। তাঁরা যেকোনো মুহূর্তে বড় ধরনের নাশকতা ঘটাতে পারে। এর মধ্যে র‌্যাব জানতে পারে, আরিফসহ জেএমবির বেশ কিছু সদস্য বৈঠক করতে আজ মঙ্গলবার (গতকাল) কটিয়াদীর দড়িচরিয়াকোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মিলিত হচ্ছেন। এ তথ্য জানার পর র‌্যাবের একটি দল সকাল থেকে ওই বিদ্যালয়ের পাশে অবস্থান নেয়। একপর্যায়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সদস্য পালিয়ে যান। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় জিহাদে উদ্বুদ্ধ করে এমন পাঁচটি বই।