কটিয়াদীতে ডলার প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অভিনব কায়দায় প্রতারণার করে জাল ডলার বিক্রির সময় পুলিশ নগদ এক লাখ সাত হাজার টাকা, ১০০ ডলারের ৩০৬টি জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন কটিয়াদী উপজেলার সতেরদ্রোন গ্রামের রোকন শাহ (৩৭), বাজার কুতুবপুর গ্রামের মো. মুরসালিন (৪৫), একই গ্রামের কালাম (২৫) ও পূর্ব সহস্রাম গ্রামের আ. মালেক (৪৫)। তাঁদের জিজ্ঞাসাবাদের পর গতকাল বৃহস্পতিবার বিচারিক হাকিমের আদালতে পাঠালে আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকার পূর্ব শেওড়াপাড়া এলাকার ব্যবসায়ী মো. শফিকুল আলম (২৯), তাঁর বন্ধু সোহাগ (২৭) ও বাবুকে (২৭) নিয়ে পূর্ব পরিচয়ের সূত্র ধরে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া গ্রামের ডলার ব্যবসায়ী প্রতারক চক্রের সদস্য কফিল উদ্দিনের বাড়িতে যান। সেখানে আগে থেকে ডলার প্রতারক চক্রের আট থেকে ১০ জন সদস্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী মো. শফিকুল আলম ও তাঁঁর বন্ধুদের ডলার বিক্রির কথা বলে কিছু জাল ডলার হস্তান্তর করেন। শফিকুল আলম প্রতারণার ঘটনা বুঝতে পেরে ডলার না কিনে জাল ডলার ফেরত দেন। এ সময় প্রতারক চক্রের সদস্যরা তাঁদের ঘিরে মারধরের ভয় দেখিয়ে ডলার ক্রয়ের জন্য আনা তিন লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে শফিকুল কটিয়াদী থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে জাল ডলার, লুণ্ঠিত টাকার মধ্যে এক লাখ সাত হাজার টাকা উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করে।পুলিশের একাধিক সূত্র জানায়, গ্রেপ্তার করা আসামিরা জাল ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তাঁরা কটিয়াদী ও কিশোরগঞ্জ সদর এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় নিরীহ মানুষকে কম দামে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মেদ জানান, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। গোয়েন্দা পুলিশের এসআই মো. মুশফিকুর রহমান জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের জিজ্ঞাবাদের পর গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।