কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নওগাঁ গ্রামে গতকাল শনিবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। থানায় মামলা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নওগাঁ গ্রামের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বিকেলে সাইকুল ও তাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সাইকুল গ্রুপের সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া উভয় পক্ষের ১২ জন আহত হন। তাঁদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাজুলের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আটককৃতরা হচ্ছেন, সাইকুল ইসলাম (৫৫), হামিদুল ইসলাম (৫০), মো. রহিম মিয়া (৪৫) ও বাদল (২২)। কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ জানান, নিহত তাজুলের মেয়ে মালা আটক চারজনসহ ১৩ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।