কটিয়াদীতে দুই বাড়িতে ডাকাতি হামলায় আহত ১০
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দুটি গ্রামের দুটি বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন ১০ জন। এঁদের মধ্যে তিনজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এঁরা হলেন উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া গ্রামের রতন সরকার (৪০), তাঁর ভাই অবিনাশ সরকার ও স্বপন সরকার।অষ্টঘড়িয়া গ্রামবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত তিনটার দিকে গ্রামের গোপীনাথ জিউর আখড়াসংলগ্ন একটি বাড়িতে ১০-১৫ জন ডাকাত দরজায় শব্দ করে বলে, ‘আমরা পুলিশের লোক, দরজা খুলেন।’ একপর্যায়ে বাড়ির মালিক রতন সরকার দরজা খুললে ডাকাতেরা ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে। এ সময় বাড়ির লোকজন টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট দিতে দেরি করায় ডাকাতেরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে রতন সরকার ও তাঁর দুই ভাই গুরুতর আহত হন। এদিকে রতনের চিত্কারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা ছয়জনের ওপর হামলা চালিয়ে ছয় হাজার টাকা, স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোনসেট নিয়ে পালিয়ে যায়।এ ঘটনার আগে রাত আড়াইটার দিকে ডাকাতেরা পাশের মুমুরদিয়া গ্রামে আবদুল জব্বারের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সেখানে ডাকাতের হামলায় আহত হন একজন।আচমিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ডাকাতি হয়নি দাবি করে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, আগের ঘটনার জের ধরে রতন সরকারের বাড়িতে হামলা হয়েছে। কোনো ডাকাতি হয়নি। এ ব্যাপারে কেউ অভিযোগও দেয়নি।