কটিয়াদীতে পাটের বাজার মন্দা, চাষিরা হতাশ
কিশোরগঞ্জের বৃহত্তম পাটের মোকাম কটিয়াদী বাজার। কিন্তু এবার এই বাজারে পাটের দাম কম। এতে কৃষকেরা হতাশ।বিক্রির উদ্দেশ্যে প্রতিদিন কিশোরগঞ্জ সদর, নীলগঞ্জ, কালিয়াচাপড়া, ধুলদিয়া, হোসেনপুর, পাকুন্দিয়া, সরারচর, তাড়াইল, করিমগঞ্জ, মঠখোলা, করগাঁও, ভৈরববাজার থেকে টমটম ও ট্রলিতে বোঝাই করে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পাট আনেন কটিয়াদী বাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার প্রায় নয় হাজার ১০০ হেক্টর জমিতে এবার পাটের আবাদ হয়েছে। উৎপাদন ধরা হয়েছে ৬৯ হাজার ৪৪৯ বেল পাট। উপজেলা পর্যায়ে কিশোরগঞ্জ সদরে ৮২০ হেক্টর, হোসেনপুরে ৪২০ হেক্টর, পাকুন্দিয়ায় ৪১০ হেক্টর, কটিয়াদীতে এক হাজার ৯৫৪ হেক্টর, করিমগঞ্জে দুই হাজার ৬৪৩ হেক্টর, তাড়াইলে ৩৫৯ হেক্টর, ভৈরবে ৩৮৮ হেক্টর, কুলিয়ারচরে এক হাজার ১৫০ হেক্টর, বাজিতপুরে ৬১০ হেক্টর, নিকলীতে ৩১৬ হেক্টর ও ইটনায় ২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলার মানিকখালী গ্রামের কৃষক মোস্তফা কামাল জানান, এ বছর তিনি এক বিঘা জমিতে পাটের চাষ করেন। দাম কম হওয়ায় তাঁকে ছয় হাজার টাকা লোকসান দিতে হয়েছে। কটিয়াদী বাজারের পাট ব্যবসায়ী অনাথ বন্ধু সাহা জানান, বর্তমানে প্রতি মণ পাট ৯০০ থেকে এক হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাট ব্যবসায়ী সমিতির সহসভাপতি বেনি মাধব ঘোষ বলেন, বিজেএমসির হাফিজ পাটকল কৃষকের কাছ থেকে সরাসরি পাট নিচ্ছে না। এ ছাড়া একটি চক্র পাটের বাজার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এ কারণে এখানে পাটের ভালো দাম পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ী শিবু বণিক, প্রশান্ত সাহা ও দিদারুল ইসলাম জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠান ও বেসরকারি কলগুলো উন্নতমানের কিছু পাট কিনছে। বাজারের অধিকাংশ পাটই নিম্নমানের। তাই এসব পাটের তেমন চাহিদা নেই।উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, জেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ পাট উৎপন্ন হয়েছে। তাই বাজারে সরবরাহ বেড়েছে।