কটিয়াদীতে পিকআপ উল্টে মা, বাবা ও মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গতকাল বুধবার ট্রাক্টরের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কনস্টেবল এবং কুমিল্লার তিতাসে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের পাগলা উপজেলা সদরের জনাব আলী (৫৫), তাঁর স্ত্রী সালমা খাতুন (৪৫) ও মেয়ে কেয়া (৪); হাজীগঞ্জ উপজেলার কাঁঠালী গ্রামের সামছুল আলম তফাদারের ছেলে সিফাত রহমান (৪), পুলিশ কনস্টেবল ঈশ্বরগঞ্জের বেহেত্তরি গ্রামের মো. করিম নেওয়াজ খানের ছেলে আতাউর গণি খান (৫০) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোরাইল গ্রামের কালন মিয়ার ছেলে আলম মিয়া (৩৫)।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভৈরব (কিশোরগঞ্জ): পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জনাব আলী পরিবার নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে থাকতেন। জনাব আলীর এক ছেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাদির একটি রেস্তোরাঁয় কাজ করেন। কিশোরগঞ্জে ছেলের সঙ্গে বসবাস করতে মঙ্গলবার আসবাব নিয়ে একটি পিকআপ ভ্যানে জনাব আলী কিশোরগঞ্জ যাচ্ছিলেন। রাত সোয়া ১১টার দিকে পিকআপটি কটিয়াদীর কদমতলী এলাকা অতিক্রম করার সময় উল্টে যায়। এতে ঘটনাস্থলে জনাব আলী ও কেয়ার মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় রাতেই সালমাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, পিকআপ জব্দ করা গেলেও চালককে আটক করা যায়নি।
হাজীগঞ্জ (চাঁদপুর): সিফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে সিফাত তার বাবার সঙ্গে উপজেলার বাদামতলী বাজারে চুল কাটাতে যায়। চুল কাটার পর সে রাস্তার পাশে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছিল। এ সময় হাজীগঞ্জ থেকে ইটভর্তি একটি ট্রাক্টর কচুয়া যাওয়ার পথে সিফাতকে সড়কের পাশে ধাক্কা দিয়ে ফেলে যায়। এতে ঘটনাস্থলেই সিফাত মারা যায়। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রাক্টরের চালকের সহকারী হাবিবুর রহমানকে আটক করে পুলিশে দেয়। হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার পর সিফাতের লাশ পরিবার বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
নান্দাইল (ময়মনসিংহ): প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে কেন্দুয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ময়মনসিংহের নান্দাইল-আঠারবাড়ি সড়কের ফুলবাড়িয়া এলাকার একটি কালভার্টে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এতে ইজিবাইকটির চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। এঁদের মধ্যে আতাউর গণি খানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত তিনটার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পুলিশের বিশেষ শাখার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, আতাউর গণি ইউপি নির্বাচনের দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে কর্মস্থলে ফিরছিলেন।
দাউদকান্দি (কুমিল্লা): গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে গৌরীপুর-হোমনা সড়কের কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় পথচারী আলম মিয়া (৩৫) মারা যান। খবর পেয়ে তিতাস থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আলম মিয়া নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।