কটিয়াদীতে প্রতিপক্ষের হামলা ও শিবপুরে সংঘর্ষে দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের চর আলগী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার প্রতিপক্ষের হামলায় একজন নারী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এদিকে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহায়দিয়া গ্রামে সংঘর্ষে শামিমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ খুন হন। এ সময় গুরুতর আহত হন শামিমার পরিবারের সদস্য কবির মিয়া, তাঁর স্ত্রী আফরোজা আক্তার ও লাল মিয়া।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, তিন কাঠা জমি নিয়ে চর আলগী গ্রামের বাবুলের সঙ্গে আবদুল মান্নানের বিরোধ চলছিল। গতকাল বেলা তিনটার দিকে মান্নানের জমিতে কয়েকজন লোক কাজ করার সময় বাবুলের লোকজন লাঠি, রামদা, ছুরি ও বল্লম নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এ সময় ছুরিকাঘাতে তাজমহল নামের এক মহিলা ঘটনাস্থলেই মারা যান। হিরণ, ছমেদসহ গুরুতর আহত পাঁচজনকে কটিয়াদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তাঁদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কটিয়াদী থানার পুলিশ ঘটনাস্থল থেকে সেলিনা নামের একজনকে গ্রেপ্তার করেছে। এদিকে বাহায়দিয়া গ্রামের লোকজন জানায়, কবির মিয়া ও একই এলাকার মতিউর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বেলা দুইটার দিকে বিরোধপূর্ণ জায়গার একটি আমগাছ থেকে মতিউর রহমানের ছেলে ও স্ত্রী শিরিনা আক্তার আম পাড়তে যায়। খবর পেয়ে কবির মিয়ার পরিবারের লোকজন এতে বাধা দেয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে কবির মিয়ার পক্ষের লাল মিয়ার স্ত্রী শামিমা নিহত হন। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।