কটিয়াদীতে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজারে গতকাল শুক্রবার প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় রায়খলা গ্রামের মলু মিয়া (৪৫) ও নূরু মিয়া (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার কালামের সমর্থকদের সঙ্গে আলতাবের সমর্থকদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে কালামের ভাই নূরু মিয়া আহত হন। পরে সালিস বৈঠকে বিষয়টির মীমাংসা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ধুলদিয়া বাজারে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে মলু ও নূরুর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে কটিয়াদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মীর রেজাউল আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই ঘটনায় জড়িত বলে দুই ব্যক্তির নাম জানা গেছে। তদন্তের স্বার্থে নাম বলা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।