কটিয়াদীতে বালু রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিতে বালু রাখা নিয়ে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা গেছে, কটিয়াদী পৌর এলাকার ভরারদিয়ায় ইসমাইল মিয়া নামের এক ব্যক্তি ব্রহ্মপুত্র নদের শাখা থেকে অবৈধভাবে বালু তুলে বাহার উদ্দিন (৬০) নামের অপর এক ব্যক্তির জমিতে রাখেন। বাহার তাঁর জমিতে বালু রাখতে এবং ইতিমধ্যে জমা করা বালু বিক্রি করতে নিষেধ করেন। সকালে ইসমাইল লোকজন নিয়ে বালু আনতে গেলে বাহার তাতে বাধা দেন। এতে ইসমাইলের পক্ষের লোকজন লাঠিসোঁটা, দা-ছোরা নিয়ে বাহারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাহার ও তাঁর পক্ষের দুলাল, জজ মিয়া, হামিদা, রেখা, জাবেদা ও রেশমা এবং ইসমাইলের পক্ষের কাশেম আহত হন।কটিয়াদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তালেব জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।