কটিয়াদীতে বোরো চাষ নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃষকেরা সেচ ও চারাসংকটের কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন। এতে উপজেলার পৌর এলাকা ও নয়টি ইউনিয়নে বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ১২ হাজার ৩১ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে বেশির ভাগ বীজতলার চারা হলুদ ও লাল হয়ে মরে যায়। এতে উপজেলার সর্বত্র চারাসংকটের সৃষ্টি হয়। এ ছাড়া জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা না থাকায় অনেক কৃষক বোরো আবাদ করতে পারছেন না।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে আরও জানা গেছে, উপজেলায় গভীর সেচযন্ত্রের সংখ্যা ২৮। এর মধ্যে বিদ্যুৎ-চালিত চারটি এবং ডিজেলচালিত ২৪টি। অগভীর যন্ত্র তিন হাজার ৫৪০টি। এর মধ্যে বিদ্যুৎ-চালিত ৪১৮ এবং ডিজেলচালিত তিন হাজার ১২২টি। ডিজেল ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় অনেক এলাকায় মালিকেরা তাঁদের সেচযন্ত্র চালাচ্ছেন না। এদিকে উপজেলার ২০টি নদী ও খাল শুকিয়ে গেছে। এ কারণে বোরোর জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। এতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। চরিয়াকোনা গ্রামের কৃষক আমির হোসেন বলেন, চারা না পাওয়ায় জমিতে বোরো আবাদ করা যাচ্ছে না। যে চারা পাওয়া যায়, তা আকারে ছোট। এ ছাড়া জমিতে সেচ দেওয়ার ব্যবস্থাও নেই। উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি ইউনিয়নে মাঠকর্মীরা কাজ করে যাচ্ছেন। গত কয়েক বছরে উপজেলায় বোরো চাষের জমির পরিমাণ বেড়েছে। কৃষকদের সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।