কটিয়াদীতে মাদ্রাসা শিক্ষককে হত্যা, সাবেক স্ত্রী গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের চরআলগী গ্রামের সাবেক স্ত্রীর বাড়ি থেকে গতকাল সোমবার এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, নরসিংদীর মনোহরদী উপজেলার মনতলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক আবদুল কুদ্দুসের (৫০) লাশ তাঁর সাবেক স্ত্রী শামীমা আক্তারের বাড়ি থেকে উদ্ধার করা হয়। নিহতের বর্তমান স্ত্রী সুফিয়া আক্তার জানান, গত রোববার সন্ধ্যায় আবদুল কুদ্দুস বাড়ি থেকে বের হন। পরে গভীর রাতে এলাকার কয়েকজন লোক আবদুল কুদ্দুসের মুঠোফোন থেকে তাঁকে জানান, তাঁর স্বামী অসুস্থ। সংবাদ পেয়ে তিনি ও তাঁর ভাইয়েরা চরআলগী গ্রামে গিয়ে কুদ্দুসের লাশ দেখতে পান।শামীমা দাবি করেন, আবদুল কুদ্দুস ছয় মাস ধরে বাড়িতে এসে তাঁকে উত্ত্যক্ত করতেন। ঘটনার দিন কুদ্দুস মেয়ের সামনে তাঁকে জাপটে ধরেন। এ সময় কুদ্দুসের তলপেটে তিনি সজোরে লাথি মারেন। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। কটিয়াদী থানার এসআই মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সুফিয়ার করা মামলায় শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।