কটিয়াদীতে মোটরসাইকেল চুরির হিড়িক
কিশোরগঞ্জের কটিয়াদীতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরদের উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সম্প্রতি চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়েন এই চক্রের একজন সদস্য। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে গত কয়েক মাসে শতাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরির এই হিড়িকের পেছনে সক্রিয় রয়েছে একটি চক্র। চুরির পর মোটরসাইকেল দ্রুত চক্রের সদস্যদের হাত ঘুরে পার্শ্ববর্তী জেলাগুলোতে চলে যাচ্ছে। সেখানে এগুলো বিক্রি করে দেওয়া হয়, কিংবা যন্ত্রাংশ পরিবর্তন করে এমনভাবে সাজিয়ে রাখা হয় যে, সেটি চোরাই বলে চিহ্নিত করার কোনো সুযোগই রাখা হয় না। এলাকাবাসী জানান, সম্প্রতি কটিয়াদী বাজারে চুরির সময় চক্রের এক সদস্য তোফাজ্জল হোসেন ওরফে জাহাঙ্গীর (২৭) হাতেনাতে ধরা পড়েন। পরে তাঁকে কটিয়াদী থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় আচমিতা গ্রামের দুলাল মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল, তিনটি মুঠোফোন, কয়েক জোড়া চাবি, অর্ধশত মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী আরও জানান, অল্প দিনের ব্যবধানে আচমিতার কামাল মেম্বার, লাল মিয়া, আশরাফ মিয়া, সারোয়ার, শহীদুল্লাহ, আবদুল আজিজ গাজী, রোকন উদ্দিন, হিরা মিয়া, শামীম মিয়া, জাকির হোসেন ও মো. হানিফার মোটরসাইকেল চুরি হয়েছে। কটিয়াদী বাসস্ট্যান্ডের মোটরসাইকেল ও গাড়ি মেরামত-শ্রমিক সেলিম আহম্মেদ অভিযোগ করে বলেন, চক্রের সদস্যদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলেও কিছুদিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে তারা আবার চুরি শুরু করে। মোটরসাইকেলের মালিকেরা সব সময় উৎকণ্ঠায় থাকেন। আটক তোফাজ্জল হোসেন জানান, চক্রের কোনো সদস্য প্রথমে মোটরসাইকেলটি চুরি করেন, অন্য কোনো সদস্য এর যন্ত্রাংশ ও রং পরিবর্তন করেন এবং কেউ ক্রেতা খুঁজে তা বিক্রি করে দেন। চুরির পর মোটরসাইকেলটি জেলার অন্যত্র কিংবা ভিন্ন জেলায় বিক্রি করে দেওয়া হয়। এ ব্যাপারে কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘সম্প্রতি আমরা দুটি চোরাই মোটরসাইকেলসহ বিভিন্ন সিল, তালা, চাবি, ভুয়া কাগজপত্র ও বেশ কিছু মালামাল উদ্ধার করেছি। চোর চক্রটিকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছি।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ বলেন, শিগগিরই এই চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।