কটিয়াদীতে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাবার সঙ্গে মাছ ধরতে যাওয়া ১০ বছরের শিশুর লাশ উদ্ধারের ঘটনার মামলায় গতকাল শনিবার ফজর আলী (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ঘটনার দিন গত শুক্রবার ফজরসহ সাতজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ফজর ছাড়া অন্যদের ছেড়ে দেওয়া হয়। ফজর উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ঘটনাস্থলে ফজরকে আসা–যাওয়া করতে দেখেছেন এলাকাবাসী। ওই সন্দেহ থেকেই ফজরকে আটকে রাখা হয়। তাঁকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা গেলে ধর্ষণ ও শিশু হত্যা সম্পর্কে কিছু জানা যেতে পারে। সে কারণে ফজরের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ তাঁর বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করার কথা রয়েছে। একই সঙ্গে ফজরের ডিএনএ পরীক্ষারও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. সোনাহর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন।

সোনাহর আলী বলেন, ‘সাতজনকে আটকের পর থানায় প্রত্যেককে লম্বা সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের মধ্যে ফজরকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। বাকি ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। পাটখেত থেকে লাশটি পরিবারের সদস্যরা এনে শিশুটির পরনের জামা পরিবর্তন করে ফেলে। আমরা ওই জামাও সংগ্রহ করেছি। শিশু ও ফজরের ডিএনএ পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

শিশুটির বাবা বলেন, ‘মেয়ে আমার সঙ্গেই ছিল। দিন (বৃষ্টি শুরু হওয়ায়) খারাপ করায় বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু বাড়ি যাওয়ার পথেই আমার মেয়ের এত বড় সর্বনাশ হবে, জানলে বুকের ধন বুকে রেখে দিতাম।’

তবে থানা হেফাজতে ফজর সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘কে, কারা এবং কেন শিশুটিকে হত্যা করল, তার কিছুই জানি না আমি।’

শিশুটির বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার সকালে নদীতে বাবার সঙ্গে মাছ ধরতে যায় শিশুটি। বৃষ্টি শুরু হলে বাবা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। দুই ঘণ্টা পর ওড়না দিয়ে হাত–পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায় একটি পাটখেতে। স্থানীয় লোকজনের ধারণা, দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণ শেষে হত্যা করেছে।