কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গতকাল রোববার দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আল আমিন (২৫)। সংঘর্ষে ১৩ জন পুলিশ সদস্যসহ দুই শতাধিক আহত হয়েছে। পুলিশ ৭৫টি রাবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুটবল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। সংঘর্ষে দেশীয় অস্ত্র, টেঁটা, রামদা, বল্লম, হলঙ্গা, সড়কি ব্যবহার করা হয়। এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার গচিহাটা কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সহস্রাম ও দুর্গাপুর গ্রামের তরুণদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে শনিবার চান্দুপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন একত্র হয়ে গচিহাটা বাজারে আলী হোসেন মেম্বারের ছেলে রুবেলের ওপর হামলা চালায়। গতকাল সকাল আটটার দিকে চান্দুপুর ইউনিয়নের ছয়টি গ্রামের মানুষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবার গচিহাটা বাজারে যায়। অন্যদিকে সহস্রাম গ্রামের মানুষ গচিহাটা রেলস্টেশনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ আগে থেকেই বাজারে অবস্থান নেন। উভয় পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় গুলি ও পিটুনিতে আল আমিন নামের এক যুবক নিহত হন। তিনি সহস্রাম গ্রামের হাছু মিয়ার ছেলে। আল আমিনের বোন পপি আক্তার অভিযোগ করেন, পুলিশ খুব কাছ থেকে তাঁর ভাইকে গুলি করে। পরে পুরুরা এলাকার লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় চার ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় ১৩ পুলিশ সদস্যসহ দুই শতাধিক লোক আহত হয়। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী পুলিশ সুপার বাহার আলী শেখ, এসআই মলয় চক্রবর্তী, মোস্তফা, হারুন, এএসআই কালাম, কনস্টেবল হারেজুল, আবদুল হাই, মাসুদ পারভেজ, মুকসুদুল, রোমান ও আখতারুজ্জামান। তাঁদের কটিয়াদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের গুলিতে আহত ব্যক্তিদের কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং অন্যদের কটিয়াদী, নিকলী বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুলি ও টেঁটাবিদ্ধ আবুল কালামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।জানা গেছে, সংঘর্ষ চলাকালে চান্দুপুর, নিমকপুরুরা, বাগপাড়া, গচিহাটা, দুর্গাপুর ও পুরুরা গ্রামের মানুষ সহস্রাম গ্রামের আহম্মেদ ডাক্তারের বাড়িসহ ২০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় ও আগুন দেয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মুনসুর আলী, মুনসুর, জামাল, নজরুল, ইসলাম, শফিকুল, বাদর, মানিক ও রফিককে গ্রেপ্তার করে। জেলা পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, গচিহাটার ঘটনায় অস্থায়ী পুলিশক্যাম্প বসানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মদ জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।