কটিয়াদীতে সংঘর্ষের ঘটনায় পৃথক মামলা
ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সোমবার রাতে কটিয়াদী থানায় পৃথক মামলা হয়েছে।নিহত ব্যক্তির ভাই আবদুল আওয়াল বাদী হয়ে এ হত্যা মামলা করেন। এতে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুনসুর বাদী হয়ে গ্রেপ্তারকৃত নয়জনসহ আরও অজ্ঞাত আট হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেন।এলাকাবাসীর একাধিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তার-আতঙ্কে উপজেলার সাতটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। চান্দপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাইয়ুম ভূঞার সভাপতিত্বে ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে এক শান্তি সমাবেশ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম এলাকাবাসীকে নতুন করে সংঘর্ষে জড়িয়ে না পড়ার জন্য আহ্বান জানান। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। তাঁরা শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। কিশোরগঞ্জ-২ কটিয়াদী পাকুন্দিয়ার সাংসদ আ. মান্নান প্রথম আলোকে বলেন, ‘আমি প্রশাসনকে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশ দিয়েছি এবং অহেতুক কাউকে হয়রানি না করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে দৃষ্টি রাখার জন্য বলেছি।’ কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।