কটিয়াদীতে সড়ক অবরোধ, ইউপি কার্যালয়ে তালা
কিশোরগঞ্জের কটিয়াদীর মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকীর বিরুদ্ধে যৌন হররানির অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কটিয়াদী-মঠখোলা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একই দাবিতে আগের দিন পরিষদের সব কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আবু বক্কর মসূয়া ইউনিয়ন বিএনপিরও সভাপতি। চেয়ারম্যান এক নারীকে যৌন হয়রানি করছেন—এমন ভিডিও মুঠোফোন ও ফেসবুকে ছড়িয়ে পড়ায় গত শনিবার থেকে এলাকাবাসী আন্দোলনে নামেন।
কিছুদিন ধরে প্রতিপক্ষের কয়েকজন মুঠোফোনে চেয়ারম্যানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। এ বিষয়ে কটিয়াদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান সন্ত্রাসী হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে। এদিকে গতকাল সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও থানার ওসি হেদায়াতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আবু বক্কর সিদ্দিক পুরো ঘটনাটিকে সাজানো নাটক ও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘কয়েক দিন আগে পক্ষটি আমার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। দেয়নি বলে আমার ওপর হামলাও চালায়। মামলা করায় ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে যৌন হয়রানির ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পক্ষটি।’ এক প্রশ্নে তিনি বলেন, এ ভিডিও ক্যামেরার কারসাজিতেও হতে পারে।