কটিয়াদীতে সাংবাদিককে হত্যার হুমকি
সমকাল-এর কটিয়াদী প্রতিনিধি সৈয়দ সিরাজুল সালেহীনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার সময় মোটরসাইকেলের গতি রোধ করে রাসেল মারুয়া নামের এক যুবক তাঁকে হত্যার হুমকি দেন। রাসেল উপজেলার লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার মারুয়ার ছেলে।
সিরাজুল সালেহীন জানান, বিকেল চারটার দিকে তিনি কটিয়াদীর পশ্চিমপাড়া মোড়গ মহাল সড়ক অতিক্রম করছিলেন। মোড়গ মহাল রাসেল মারুয়ার পৈতৃক বাড়ি। এ সময় তাঁর মোটরসাইকেলের গতি রোধ করেই রাসেল গালাগাল করতে থাকেন। পরে হাত-পা কেটে ফেলার ও হত্যার হুমকি দেন। স্থানীয় লোকজনের সহায়তায় সিরাজুল সালেহীন ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় সন্ধ্যায় সিরাজুল সালেহীন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। চেষ্টা করেও অভিযুক্ত রাসেল মারুয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি। রাসেলের বাবা হায়দার মারুয়া বলেন, ‘আমার ছেলে সাংবাদিক সালেহীনকে হুমকি দিয়েছে বলে শুনেছি। আমার ছেলে বর্তমানে মানসিক রোগী। কখন কী করে বসে, আগে থেকে বুঝতে পারি না।’