কটিয়াদীতে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়া গ্রাম থেকে মঙ্গলবার এক স্কুলছাত্রীকে বখাটেরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কটিয়াদী থানায় মামলা করেছেন। মামলায় উপজেলার গাংকুল গ্রামের নাছির উদ্দিন (২৩), নাইম মিয়া (২৫), রিপন মিয়া (২৫), আবুল কাসেম (৪২), ফরিদ মিয়া (২০) ও মরম আলীকে (২২) আসামি করা হয়েছে।এজাহারে ছাত্রীর বাবা অভিযোগ করেন, সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বখাটেরা তাঁর মেয়েকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। মাইক্রোবাসটি হোসেনপুর উপজেলার দিকে যেতে দেখা গেছে। তিনি অভিযোগ করেন, ‘পুলিশ এখনো পর্যন্ত ঘটনাস্থলে যায়নি। এমনকি আমাদের সঙ্গেও যোগাযোগ করেনি।’আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, এভাবে ছাত্রী অপহরণের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্রীর বাবার অভিযোগ অস্বীকার করে কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন খন্দকার প্রথম আলোকে বলেন, মঙ্গলবার মামলাটি তালিকাভুক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।