কটিয়াদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার অভিযোগ
স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার মদদে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তারিকুল মোস্তাক রানা। গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।লিখিত বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের এই নেতা অভিযোগ করেন, ‘আমি এলাকায় সুস্থধারার রাজনীতি করি। সম্প্রতি কটিয়াদী পশ্চিমপাড়ায় একটি হিন্দু পরিবারের ওপর আওয়ামী লীগ নামধারী সন্ত্রাসীরা হামলা করে। এর প্রতিবাদ করায় উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বিএনপির সঙ্গে হাত মিলিয়ে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কটিয়াদী উপজেলার রাজনীতিতে আমার নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী হওয়ায় আওয়ামী লীগের নেতা পরিচয়ধারী কয়েকজন আমাকে এবং আমার সমর্থকদের নানাভাবে হয়রানি ও দমন করার চেষ্টা করছে।’ তারিকুল রানা বলেন, ‘যারা চাঁদাবাজি করে তাদের আসল চেহারা জনগণের সামনে প্রকাশ হয়ে যাবে—এই ভয়ে আমার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে।’ কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রেফায়েত উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহুল আমিন, নূরুল হক, মানিক সরকার, ইদ্রিস আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।