কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রসহ নিহত ৪
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছে। তারা সবাই মোটরসাইকেলের আরোহী ছিল। এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ভোগপাড়ায় বেতাল বাজারগামী কাঠভর্তি একটি টমটমের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অমিত মোদক (১৫), সজল মোদক (১৮), দিদারুল ইসলাম (১৬) ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া গুরুতর আহত আরিফুল ইসলামকে (১৫) প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরিফ ও অমিত কটিয়াদী পাইলট মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। অমিত পৌর সদরের মোদকপাড়ার গোপাল মোদকের ছেলে ও সজল একই এলাকার সুবল মোদকের ছেলে। দিদারুল পশ্চিমপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে ও আরিফুল একই এলাকার আমিন মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমদ জানান, টমটম ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে। তবে টমটমের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দিদারুলের বাবা নুরু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।