কটিয়াদীতে হত্যা মামলার আসামি খুন
কটিয়াদীতে আলোচিত সুরুজ বাঙ্গালী হত্যা মামলার আসামি ছাফির উদ্দিন (৭০) রহস্যজনকভাবে খুন হয়েছেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার ও সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ছাফির উদ্দিন বাড়ি থেকে আচমিতা বাজারে যান। বাজার থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা তাঁকে হত্যা করে পাশের একটি জমিতে ফেলে রাখে। ছাফির উদ্দিনের গলায়, মাথায় ও কানে রক্তাক্ত জখম রয়েছে। রাতে আত্মীয়স্বজন খোঁজাখুঁজি করে। সকালবেলা লোকমুখে খবর পেয়ে চারিপাড়া গ্রামের একটি জমিতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।নিহত ছাফিরের ছেলে সেলিম বলেন, ‘বাবা রাতে বাড়ি না ফেরায় আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে লোকমুখে সংবাদ পেয়ে তাঁর লাশ শনাক্ত করি।’ সেলিম তাঁর বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।চারিপাড়া গ্রামের আবদুল মান্নান বলেন, সুরুজ হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর থেকে নিহত সুরুজের পক্ষের লোকজন আসামি আ. কাদির চুন্নুকে হত্যার চেষ্টা চালায়। এ ব্যাপারে কটিয়াদী থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে। সুরুজ হত্যার বাদীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। সুরুজ হত্যা মামলার বাদী জয়নাল আবেদীন দুলাল মাস্টার বলেন, ‘সুরুজ হত্যা মামলাটি মীমাংসার জন্য আসামিপক্ষের লোকজন দীর্ঘদিন থেকে চাপ সৃষ্টি করে আসছে। মামলাটি কোর্টে নারাজি দেওয়া হয়েছে। তৎকালীন ওসি আ. মালেকের উপস্থিতিতে শুনানির অপেক্ষায় আছে। সুরুজ হত্যা মামলার আসামিরাই তাঁকে হত্যা করে আমাদের ফাঁসানোর ষড়যন্ত্র করছে।’কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, এএসপি সার্কেল আজবাহার আলী শেখ ও ওসি ফরিদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, ‘হত্যাকাণ্ডটি রহস্যজনক। আমাদের একটি টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’২০০৯ সালের ৫ নভেম্বর সন্ত্রাসীরা ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে সুরুজ বাঙ্গালীকে কুপিয়ে হত্যা করে।