কটিয়াদীতে ১৪৪ ধারা ভেঙে বাড়ি দখল!
আদালতের আদেশ অমান্য করে ও ১৪৪ ধারা ভেঙে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার একটি বাড়ির ৬০ শতাংশ জমি দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হকের নেতৃত্বে গতকাল শুক্রবার দুপুরে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ওই জমি দখল করে বলে অভিযোগ রয়েছে। পরে ওই জায়গায় টিনের বেড়া দেওয়া হয়। দুটি ঘরও তোলা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সরারচর এলাকায় একটি বাড়িসহ ১০৮ শতাংশ জমির মালিক হাফসা বেগম ও তাঁর তিন ছেলে। কিন্তু কিছুদিন ধরে নূরুল হকের মেয়ের জামাই হাবিবুর রহমান ওই জমির মালিকানা দাবি করে আসছেন।এ ঘটনায় হাফসার ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২০ ডিসেম্বর আদালতের অতিরিক্ত জেলা হাকিম তন্ময় দাসের আদালতে মামলা করেন। আদালত ওই বাড়িতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য পুলিশকে নির্দেশ দেন। এ ছাড়া এ-সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরির জন্য পুলিশকে আদেশ দেন হাকিম। পুলিশ গত ২৭ ডিসেম্বর আদালতে ওই প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, বাড়িসহ ওই জায়গার মালিক হাফসা ও তাঁর ছেলেরা। জায়গাটি তাঁদের দখলেই রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অতিরিক্ত জেলা হাকিম তন্ময় দাস গত বৃহস্পতিবার আবারও ওই বাড়িতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।স্থানীয় সূত্র জানায়, কিন্তু আদালতের দুই দফা স্থিতাবস্থার নির্দেশ অমান্য করে গতকাল ওই জায়গা বেদখল করা হয়। এ সময় বাধা দিতে চাইলে দুর্বৃত্তরা হাফসাকে ধাওয়া করে ও তাঁর ছেলে সাইফুলকে পিটিয়ে আহত করে। সাইফুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গতকাল দখলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে নূরুল হক প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি স্থানীয় মসজিদে নামাজ পড়ছিলেন। এ বিষয়ে কিছু জানেন না তিনি। তবে হাবিবুরের ছোট ভাই, তুহিন মিয়া বলেন, ‘ওরা আদালতে ভুয়া মামলা করেছে। আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি।’ আদালতের নির্দেশে ওই বাড়িতে ১৪৪ ধারা জারি থাকার সত্যতা নিশ্চিত করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, তবে ওই এলাকায় বেদখল করে টিনের বেড়া দেওয়া ও ঘর নির্মাণের বিষয়টি তাঁর জানা নেই।