কটিয়াদীতে ৪০ লাখ টাকা নিয়ে এনজিও উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডি কে ফাউন্ডেশন অব বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) লোকজনের বিরুদ্ধে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকার আমানত সংগ্রহ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে গত সোমবার রাতে ওই এনজিওর কর্মকর্তা-কর্মচারীদের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে আতঙ্কিত শত শত গ্রাহক প্রতিষ্ঠানটির কার্যালয়ে ভিড় করছেন। এ ব্যাপারে তাঁদের পক্ষ থেকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ওই এলাকায় গিয়ে জানা যায়, এক মাস আগে এনজিওটি উপজেলার কটিয়াদী নদীর বাঁধে একটি আঞ্চলিক কার্যালয় খুলে কার্যক্রম শুরু করে। তারা জালালপুর ইউনিয়নের ঝাকালীয়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে আলাউদ্দিনের পরিচয় দিয়ে কার্যালয়ের জন্য ঘর ভাড়া নেয়। প্রতিষ্ঠানটি তার প্রধান কার্যালয় হিসেবে রাহাত টাওয়ার, ১২ তলা বিপণন কমার্শিয়াল এরিয়া, লিংক রোড, বাংলামোটর, ঢাকা—এ ঠিকানা উল্লেখ করে। উপজেলায় কার্যক্রম শুরুর পর বেশ কয়েকটি গ্রামে ১৬টি ছোট দলে আমানত সংগ্রহ করতে থাকে এনজিওটি। বিনিময়ে তারা গ্রাহকদের মোটা অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নরসিংদীর ভেলানগরের হাসান ও রুবেল নামের দুই ব্যক্তি উপজেলার কয়েকজন তরুণ-তরুণীকে মাঠকর্মী হিসেবে নিয়োগ দেন। কটিয়াদী পৌর এলাকার চরিয়াকোনার মাহমুদা বেগম বলেন, ‘আমার অধীনে ছয়জন গ্রাহক ১৬ হাজার টাকা জমা দেন। কিন্তু তাঁরা কোনো ঋণ পাননি।’ কটিয়াদী বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ‘এনজিওটির ব্যবস্থাপকেরা ঋণ দেবেন বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। প্রতারকদের সহযোগিতা করেছেন আলাউদ্দিনসহ কয়েকজন।’ আরেক ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলেকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ১০ হাজার টাকা নেন কর্মকর্তারা। কিন্তু তাঁরা পালিয়ে গেছেন।’এনজিওটির মাঠকর্মী তাহমিনা আক্তার মুঠোফোনে বলেন, ‘আমার কাছ থেকেও চাকরি দেওয়ার নামে ১০ হাজার টাকা কর্মকর্তারা নিয়েছেন।’অভিযুক্ত আলাউদ্দিনের বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর বাবা নাছির উদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, আলাউদ্দিন ক্ষুব্ধ গ্রাহকদের মারধরের ভয়ে পালিয়ে গেছেন।কটিয়াদীর ইউএনও ফারাগুল নিঝুম বলেন, ‘প্রতারিত গ্রাহকেরা আমার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতারকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’ এনজিওর ব্যবস্থাপক হাসান ও রুবেলের বক্তব্য জানার জন্য তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’