কটূক্তি শুনে স্কুলে যাওয়া-আসা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বোরহান আলী (২৫) নামে এলাকার এক বখাটে পথ আগলে দাঁড়ান। তার কাছে প্রেম নিবেদন করেন। ছাত্রীটি শুনেও না শোনার ভান করে চলে যায়। এরপর আরও কিছুদিন এভাবে চলে। বারবার নিষেধ করার পরও পিছু ছাড়েন না তিনি। গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে হাত ধরে টানা-হেঁচড়া করেন। এ সময় ওই গ্রামের সেলিম মিয়া দৃশ্যটি দেখে এর প্রতিবাদ করতে যান। বোরহান তখন তাঁকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ১০-১২টি আঘাত করেন। পরে পুলিশ বোরহানকে গ্রেপ্তার করে। ওই ছাত্রীটির মতো এ উপজেলার বিদ্যালয় ও কলেজগামী অনেক ছাত্রী বখাটেদের উত্ত্যক্তের শিকার হচ্ছে। মেয়েরা বখাটেদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষক-অভিভাবকেরা। তাঁরা মানসম্মানের ভয়ে এসব বিষয় নিয়ে অনেক সময় পুলিশের কাছেও যান না। অনেকে আবার লোকলজ্জার ভয়ে চেপে যান। কয়েকজন ছাত্রী অভিযোগ করে, সকাল-বিকাল বিদ্যালয় শুরু ও ছুটির সময় বখাটেদের নানা অশ্লীল কটূক্তির শিকার হয় তারা। অনেক সময় শারীরিক লাঞ্ছনার শিকারও হতে হয়। রাস্তাঘাটে উত্ত্যক্ত করেই ক্ষান্ত হয় না ওরা, মুঠোফোনেও সীমাহীন যন্ত্রণা দেয় বখাটেরা। কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, বখাটেরা মেয়েদের ওড়না ধরে টান দেয়, প্রেমের প্রস্তাব দেয়। প্রেমে রাজি না হলে অপহরণের হুমকি দেয়। লোকলজ্জার ভয়ে মেয়েরা সবকিছু সহ্য করে। প্রতিদিন তাদের অত্যাচার সয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও অবস্থার স্থায়ী সমাধান হচ্ছে না। প্রশাসন তৎপর হলে কয়েক দিন বখাটেরা গা ঢাকা দেয়। কিছুদিন পর আবার তারা স্বমূর্তি ধারণ করে। বখাটেদের বেশির ভাগ স্থানীয় হওয়ায় এবং কিছু প্রভাবশালীর সঙ্গে তাদের সম্পর্ক থাকায় তাঁরা প্রতিবাদ করার সাহস পান না। শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘স্কুল শুরু ও ছুটির সময় কিছু বখাটে স্কুলের আশপাশে ঘোরাফেরা করে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’ গুজিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজামেঞ্চল হক বলেন, ‘বখাটেদের উৎপাতে আমার বিদ্যালয়ে ছাত্রী আসা কমে গিয়েছিল। কিন্তু বখাটে বোরহানকে পুলিশ গ্রেপ্তার করার পর আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবদুল মতিন বলেন, তিনি প্রায়ই এ রকম অভিযোগ পান। সম্প্রতি তাঁর এক আত্মীয় হয় এমন ছাত্রীকে উত্ত্যক্ত করে বখাটেরা। পরে সামাজিকভাবে এর সুরাহা করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘উত্ত্যক্তের ঘটনাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে বখাটেদের দমন করতে পুলিশ তৎপর রয়েছে।’