কটূক্তির জন্য ক্ষমা চাওয়ার দাবি গোপালগঞ্জবাসীর
গোপালগঞ্জ নিয়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কটূক্তি প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে গোপালগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তা না হলে দেশের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। আজ মঙ্গলবার গোপালগঞ্জ প্রেসক্লাব চত্বরে সংগঠনটি মানববন্ধন করে এসব কথা বলে।
সকাল ১০টায় মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে বলা হয়, একটি জেলা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাজ থেকে এমন কটূক্তি আশা করা যায় না। তাঁর এই বক্তব্যের ফলে গোপালগঞ্জের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ যারা গোপালগঞ্জের বাইরে অবস্থান করছেন তাদের জীবন হুমকির মুখে পড়বে।
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় স্থানীয় লোকজন খালেদা জিয়ার গোপালগঞ্জ বিষয়ে বক্তব্য প্রত্যাহার এবং তাঁর ক্ষমা চাওয়ার দাবিতে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৯ ডিসেম্বর ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। তবে ওই দিন পুলিশি বাধার মুখে গুলশানের বাড়ি থেকে বের হতে না পেরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কর্তব্যরত পুলিশের সদস্যদের ধমক দেন। বাড়ি গোপালগঞ্জ কি না, জানতে চান।
সেখানে উপস্থিত পুলিশের কিছু নারী সদস্য নিজেদের মধ্যে কথা বলতে থাকলে তাঁদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই যে মহিলা, মুখটা এখন বন্ধ কেন? এতক্ষণ কী বলছিলেন? মুখ বন্ধ কেন এখন? দেশ কোথায়, গোপালি? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না। আপনারা যা করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’