বাংলাদেশে সরকারের উন্নয়ন পরিকল্পনা নস্যাৎ করতে মৌলবাদী গোষ্ঠীগুলোকে ধর্মের অপব্যবহারে বিরোধীে দল উৎসাহ দেওয়ায় ভয়াবহ জাতিগত সংঘাতের ঝুঁকি সৃষ্টি হচ্ছে। দুবাই থেকে প্রকাশিত গাল্ফ নিউজ-এর এক নিবন্ধে এ কথা বলা হয়েছে। গত শনিবার প্রকাশিত তারিক এ আল মায়ীনার লেখা নিবন্ধটিতে বলা হয়, মিসরের মুসলিম ব্রাদারহুড ও ধর্মনিপেক্ষ দলগুলোর আদর্শগত সংঘাত যখন সারা বিশ্বের গণমাধ্যমে ফলাও করে প্রচার পাচ্ছে, তখন বিশ্বের অপর একটি অংশে একই ধরনের সংঘাত চলছে। যদিও বৈশ্বিক গণমাধ্যমে তা বলতে গেলে জায়গাই পাচ্ছে না। এটা ঘটছে বাংলাদেশে। ১৫ কোটির বেশি জনসংখ্যার দেশটির ৯০ শতাংশ মানুষ মুসলিম। সেখানে সংঘাত ক্রমশ সহিংস হয়ে উঠছে, রক্তও ঝরছে। এর মূল কারণ, কোন আদর্শ গ্রহণ করবে দেশ—ধর্মনিরপেক্ষ, নাকি ইসলামি? সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে শেখ হাসিনার সরকারকে যখন কৃতিত্ব দেওয়া হচ্ছে, তখন বাধা সৃষ্টি করছে প্রধান বিরোধী দল বিএনপি। সরকারের কিছু সাফল্য ভেস্তে দিতে তারা ধর্মের অপব্যবহারে কট্টরপন্থী ও মৌলবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ আছে। এ রকম একটি গোষ্ঠী হলো হেফাজতে ইসলাম। ২০১০ সালে বর্তমান সরকরের ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতা করে এই সংগঠনটি প্রথম আলোচনায় আসে। অতি সম্প্রতি তারা আরও খোলামেলাভাবে সামনে এসেছে। গত মার্চে তারা সরকারের কাছে ১৩ দফা দাবি জানায়। কোরআন ও সুন্নাহবিরোধী সব আইন বাতিল, ব্লাসফেমি আইন প্রণয়ন, নারী-পুরুষের অবাধ মেলামেশ বন্ধ, শিক্ষানীতি বাতিলসহ হেফাজতের দাবিগুলো উল্লেখ করে গাল্ফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, এই সংগঠনকে সমর্থন দিচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াত চায়, ইসলামি আইন ও শরিয়া অনুযায়ী দেশ পরিচালিত হবে। জামায়াত আর হেফাজত মিলে জোট বেঁধেছে বিএনপির সঙ্গে। তাদের সবার উদ্দেশ্য নির্বাচনে জেতা এবং ক্ষমতার আসনে বসা।