কঠিন চীবর দান উৎসবে মুখর চট্টগ্রাম বন্দর
নানা আয়োজনে চট্টগ্রাম বন্দর থানাধীন ফরা রং খ্রে-দ ক্যংয়ে (বৌদ্ধবিহার) কঠিন চীবর দান উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে চট্টগ্রামে বসবাসরত তিন পার্বত্য জেলার বৌদ্ধরা।বৌদ্ধধর্মমতে, কঠিন চীবর দান সর্বকালের সর্বশ্রেষ্ঠ দান। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাস পালনকারী বৌদ্ধ ভিক্ষু সংঘকে এ চীবর বা রঙিন বস্ত্র দান করা হয়। এ উপলক্ষে বন্দরের ব্যাংক কলোনির ফরা রং খ্রে-দ ক্যংয়ে ভোর থেকে বিশ্বশান্তি কামনায় ত্রিপিটক পাঠ করা হয়। পরে উপাসকেরা কাস্টম হাউসের সামনে থেকে শোভাযাত্রা বের করে মূল অনুষ্ঠানের জন্য বন্দরের একটি স্থানীয় ক্লাবে সমবেত হন। অনুষ্ঠানে ফাং (আমন্ত্রণ) করা হয় তিন পার্বত্য জেলার প্রায় ১৫০ জন ভিক্ষুকে। সকাল থেকে বিকেল পর্যন্ত ওই ক্লাবে ভিক্ষু সংঘকে চীবরসহ অন্য দ্রব্যাদি দান করা, বুদ্ধপূজা, শীল গ্রহণ, ধর্ম দেশনা, সমবেত প্রার্থনা প্রভৃতি অনুষ্ঠিত হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অব.) টিপিঅং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে ভিক্ষু সংঘসহ তিন পার্বত্য জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।