কঠিন পরীক্ষার মুখে জাকিয়া
একমাত্র সম্বল বসতভিটা। সেই ভিটা বিক্রি করে গুরুতর আহত স্বামীর চিকিৎসা করাবেন? নাকি সম্বলটুকু রেখে দেবেন দুই সন্তানের মাথা গোঁজার একমাত্র ঠাঁই হিসেবে? এমন কঠিন এক পরীক্ষার মুখে পড়েছেন গৃহবধূ জাকিয়া বেগম।
জাকিয়ার দিনমজুর স্বামী শামীম রেজা (৩৫) ২০ অক্টোবর নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। ওই দুর্ঘটনায় ৩৬ জন প্রাণ হারান।
নাটোরের গুরুদাসপুর উপজেলার পাটপাড়া গ্রামের বাসিন্দা জাকিয়া জানান, দুর্ঘটনার পর শামীমকে বড়াইগ্রামের পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানান, তাঁর ফুসফুস গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে পরদিন তাঁকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেও অস্ত্রোপচার হয়। কিন্তু তাঁকে আশঙ্কামুক্ত করা যায়নি। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের (ভেন্টিলেশন) মাধ্যমে শামীমকে বাঁচিয়ে রাখা হয়েছে। চিকিৎসকেরা গত শুক্রবার শামীমকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাঁকে ঢাকায় নেওয়া ঠিক হবে না বলেও জানান তাঁরা।
জাকিয়া জানান, এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে শামীমকে ঢাকায় নিতে হলে এক লাখ ৯৮ হাজার টাকা প্রয়োজন। দুদিন ধরে তাঁর পরিবার ও নাটোরের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সরকারি এয়ার অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি।
শামীমের সঙ্গে হাসপাতালে থাকা তাঁর স্ত্রীর বড় ভাই মোজাফ্ফর হোসেন গতকাল বিকেলে বলেন, ‘এতগুলো টাকা জোগাড় করতে হলে তাঁদের বসতভিটা বিক্রি করতে হবে। আর বসতভিটা বিক্রি করলে শামীমের দুই শিশুসন্তান জাকারিয়া (১০) ও তোহা (৩), বৃদ্ধা মা ও স্ত্রীকে খোলা আকাশের নিচে থাকতে হবে। তারপর চিকিৎসার খরচ তো আছেই।’
শামীমের শ্বশুর আরিফুল ইসলাম জানান, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নগদ অর্থ সহায়তা দেওয়া হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ শুধু ভর্তি বাবদ ২০ হাজার টাকা ছাড়া আর কোনো খরচ নেয়নি।
নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান গতকাল জানান, দুর্ঘটনার রোগীরা যে যেখানে ভর্তি আছেন, সেখানকার জেলা প্রশাসন তাঁদের চিকিৎসার ব্যবস্থা করবে। শামীমের চিকিৎসা বগুড়ার জেলা প্রশাসন ও সিএমএইচ কর্তৃপক্ষ করছে। কিন্তু সমস্যা হয়েছে তাঁকে ঢাকায় স্থানান্তর করা নিয়ে। সরকারি এয়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ করা যায়নি। বেসরকারি পর্যায়ে এক লাখ ৯৮ হাজার টাকা ভাড়া চাচ্ছে। এতগুলো টাকার ব্যবস্থা এত তাড়াতাড়ি প্রশাসনের পক্ষ থেকেও করা সম্ভব হচ্ছে না।