কঠিন ব্যবস্থা নিন, দায়িত্ব আমি নেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘যারা মানুষকে পোড়াবে বা আঘাত করবে, তাদের বিরুদ্ধে যত কঠিন ব্যবস্থা নেওয়া দরকার, সেটা আপনারা নেবেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যা কিছু হোক, সেই দায়িত্ব আমি নেব। কিন্তু মানুষের জানমালের নিরাপত্তা দিতেই হবে।’
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ ২০১৫ উপলক্ষে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম মোজাম্মেল হক খান ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বক্তব্য দেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চলমান আন্দোলনকে সন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যক্রম উল্লেখ করে প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যক্রম দমনের জন্য যখন যেখানে যা করা প্রয়োজন, আপনারা তা-ই করবেন।’ তিনি বলেন, বিএনপি নেত্রী তাঁর সন্তান হারিয়েছেন। তাই নিজের ব্যথা তিনি বোঝেন। কিন্তু যাদের পুড়িয়ে মারছেন, সেই মা যখন তার সন্তানের পোড়া শরীর দেখে বা পোড়া লাশ দেখে সেই মায়ের মনে যে কী কষ্ট, সেই কষ্টটা কি খালেদা জিয়া বুঝতে পারছেন? অনুষ্ঠানে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, উন্মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, প্রয়োজনে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, আইন অনুসারে কাজ হলে আপত্তির কারণ নেই। তবে আইনের বরখেলাপ হলে আপত্তি উঠবে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশকে দিতে হবে। এটা প্রধানমন্ত্রী বলতে পারেন। এখন পুলিশ আইনানুগভাবে যা দায়িত্ব, তা করবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা বিধানে প্রয়োজনে যেকোনো ব্যবস্থা নিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ‘বিএনপি দেশ সৃষ্টি করেনি। এ জন্য দেশ ও জনগণের প্রতি তাদের কোনো দরদ নেই। আমরা এ দেশ সৃষ্টি করেছি। দেশের জন্য আমাদের দরদ আছে এবং লাখ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত মুক্তিযুদ্ধের আদর্শে দেশ গড়ার দায়িত্ব আমাদের।’
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা দমনে দৃঢ় মানসিকতার সঙ্গে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আজ আপনাদের কাছে আমার একমাত্র প্রত্যাশা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, যাতে আমরা দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যেতে পারি। সরকারপ্রধান হিসেবে আমি আপনাদের অনুমতি দিচ্ছি, পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে যখন যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা আপনারা নেবেন।’ তিনি বলেন, বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যক্রম, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ যেকোনো পদক্ষেপ নিলে দেশের মানুষ তা স্বাগত জানাবে।
সাধারণ জনগণ, নির্বাচিত প্রতিনিধি ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে এ ধরনের ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন না করার জন্য তিনি পুলিশকে নির্দেশ দেন।
পুলিশ বাহিনীর দাবি-দাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোনো দাবি-দাওয়ার প্রয়োজন নেই। বাহিনীর উন্নয়নে এবং আধুনিক ও দক্ষ আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে গড়ে তুলতে সরকারের নিজস্ব পরিকল্পনা রয়েছে। পুলিশের দুটি পদের উন্নয়ন ঘটিয়ে গ্রেড-১ করা হয়েছে। সরকারের অঙ্গীকার অনুযায়ী অপর তিনটি পদের উন্নয়ন ঘটানো হবে। এ ছাড়া আরও ২০টি পদ গ্রেড-১-এ উন্নীত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পুলিশের স্টাফ ট্রেনিং কলেজ, ব্যারাক নির্মাণ ও টিফিন ভাতা বাস্তবায়ন করেছে। আবাসিক সমস্যা সমাধান ও তাদের চলাচলের জন্য যানবাহন সংগ্রহের দাবি পূরণে তিনি তাঁদের আশ্বাস দেন। প্রতিটি থানার সঙ্গে তথ্যপ্রযুক্তি যুক্ত করতে এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নেটওয়ার্ক তৈরির জন্য পুলিশের প্রতি নির্দেশ দেন তিনি।
পুলিশ কর্মকর্তাদের বক্তব্য: অনুষ্ঠানে খোলামেলা আলোচনায় পুলিশের পক্ষ থেকে তিনজন বক্তব্য দেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ বাহিনীতে কর্মকর্তার সংখ্যা আরও বাড়াতে হবে। তাহলে সেবার মান বাড়বে।
চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ বিভাগ নামে একটি আলাদা বিভাগ গঠনের দাবি জানান। ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান পুলিশ আবাসন, যানবাহন ও যন্ত্রপাতি সমস্যার কথা তুলে ধরেন।