
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘গণতন্ত্র বিকাশের মূল কথা হলো পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা। কঠিন এক সময় আমি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছি। দেশের এই কঠিন সময় আমি যেন অর্পিত দায়িত্ব সম্মানের সঙ্গে যথাযথ পালন করতে পারি, সে জন্য আপনাদের দোয়া চাই।’ গতকাল বুধবার বিকেলে ইটনা কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি বেলা পৌনে তিনটার দিকে হেলিকপ্টারে করে ইটনা পৌঁছান। বিকল্প পরিবহন না থাকায় হেলিপ্যাড থেকে রিকশাযোগে গণসংবর্ধনাস্থলে যান তিনি। এ সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
আবদুল হামিদ বলেন, ‘হাওরে আমার জন্ম, হাওরের জনগণের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। সুখে-দুঃখে হাওরবাসীর পাশে থাকার চেষ্টা করেছি।’
গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক সমরেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতিপুত্র সাংসদ রেজওয়ান আহামঞ্চদ, ইটনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দারুল ইসলাম, ইটনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন প্রমুখ।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় এটিই আবদুল হামিদের প্রথম আনুষ্ঠানিক সফর। গণসংবর্ধনা শেষে বিকেল সাড়ে চারটায় ঢাকার উদ্দেশে ইটনা ত্যাগ করেন তিনি।