রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আমি দেশের রাষ্ট্রপতি, সরকারের নয়। দেশের ক্রান্তিকালে আমি রাষ্ট্রপতি হয়েছি। রাষ্ট্রপতির আয়ুষ্কাল বলা কঠিন। কঠিন সময় যেন যথাযথ সম্মানের সঙ্গে রাষ্ট্রপতি হিসেবে সঠিক কাজ করতে পারি, আল্লাহ যেন সেই সুযোগ দেন, আপনারা দোয়া করবেন।’ গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। নাগরিক কমিটির সভাপতি পৌর মেয়র মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নেত্রকোনার সাংসদ মো. আতিকুর রহমান, মজিবুল হক, মো. আফজাল হোসেন, রেজওয়ান আহমেদ, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান প্রমুখ। রাষ্ট্রপতি বলেন, ‘১৯৬১ সাল থেকে রাজনীতি করছি। সত্তরের নির্বাচন থেকে দেশ স্বাধীন হওয়ার পর আপনারা বারবার আমাকে নির্বাচিত করেছেন। প্রতিদানে আমি কিছু দিতে পারিনি। আপনাদের সবাইকে আমি চিনি, নাম জানি। কিন্তু আজ অনেককে দূর থেকে দেখতে পারছি না। কথা বলতে পারছি না। সংসদের ডেপুটি স্পিকার, উপনেতা ও স্পিকার থাকাকালে সবার জন্য আমার দরজা খোলা ছিল। এখন নিয়মের মধ্যে পড়েছি।’ আবদুল হামিদ বলেন, ‘আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন করে জেল খেটেছি, স্বাধীন বাংলাদেশেও জেলে গেছি। এখন রাষ্ট্রপতি হয়ে জেলে ঢুকেছি। আগে জেলে থেকে সরকারি খানা খেতাম, এখনো সরকারি খানা খাই। তবে পার্থক্য মান অনেক ভালো।’ এলাকাবাসীর বিভিন্ন দাবিদাওয়া প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘গুরুদয়াল সরকারি কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার মতো সময় পেলে তিনি চেষ্টা করবেন। এ ছাড়া আন্তনগর এগারসিন্দুর ট্রেনের আসনসংখ্যা বাড়াতে এবং ঢাকা-কিশোরগঞ্জের মধ্যে একটি কমিউটার টেন চালু করতে তিনি রেলমন্ত্রীকে বলেছেন।