‘কঠিন’ সময়ে গানের ফেরিওয়ালা বশিরের জীবন
‘দিন হতে দিন আসে যে কঠিন/ করিম দীনহীন কোন পথে যাইতাম।’ বাউলসম্রাট শাহ আবদুল করিমের রচিত এ গান কতবার যে কণ্ঠে উঠেছে বাউলশিল্পী বশিরউদ্দিন সরকারের, তার কোনো ইয়ত্তা নেই। ২১ বছর বয়সে করিমের শিষ্য হয়েছিলেন, এখন তাঁর বয়স ৫৮। এই ৩৭ বছরে হাজারো দিন এ গান গেয়েছেন।
২০২২ সালের ১৩ এপ্রিল এসে বশিরউদ্দিন বলছেন, তাঁর মুর্শিদ শাহ আবদুল করিমের কাছ থেকে সরাসরি গানটি শিখেছেন। তখন ঘুণাক্ষরেও ভাবেননি তাঁর জীবনের গল্পটাও এ গানের মতোই হবে। করোনা শুরু হওয়ার পর গানবাজনার আয়োজন কমে গেছে। অথচ সুর-কণ্ঠ ফেরি করেই তিনি রোজগার করতেন। উপার্জনহীন হয়ে এখন কঠিন জীবন কাটাচ্ছেন। মাথা গোঁজারও নেই তাঁর একটুকরো জমি কিংবা বাড়ি।
বশিরউদ্দিন সরকারের বাড়ি সুনামগঞ্জের দিরাই পৌরসভার মজলিসপুরে। ১৯৮৫ সালে তিনি শাহ আবদুল করিমের কাছে শিষ্যত্ব নেন। ২০১৪ সাল থেকে স্ত্রী রোকেয়া বেগমকে (৫২) নিয়ে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় আছেন। করোনা পরিস্থিতি শুরু হওয়ার আগে সরকারি-বেসরকারি অনুষ্ঠানের মঞ্চ, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে গান গেয়ে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করতেন। তা দিয়ে চলত তাঁর সংসার।
বশিরউদ্দিন জানান, করোনা ছড়িয়ে পড়লে সব গানের আসর বন্ধ হয়ে যায়। কয়েক মাস ধরে মাঝেমধ্যে উৎসব-পার্বণ কিংবা নানা উপলক্ষে সীমিত পর্যায়ে গানের আসর বসে। তবে এতে আর আগের মতো আয়রোজগার হয় না। এখন দুই থেকে আড়াই মাস পরপর বেতারে গান গাইতে ডাক পড়ে। সেখান থেকে পান ১ হাজার ৮০০ টাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও আর ডাক পড়ে না। ফলে এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তিনি।
বশিরউদ্দিন বলেন, ‘সারা জীবন বাউলগান গেয়েছি। এর বাইরে আর কিছুই করিনি। এই রকম ছন্দহীন ও অভিশপ্ত একটা সময় কাটাতে হবে, ভাবিনি। খেয়ে না খেয়ে জীবন চলছে, কারও কাছে হাতও পাততে পারি না। নিজের একখণ্ড জমি নেই, কোনো ঘরও নেই। মাস শেষে ঘরভাড়া ও বিদ্যুৎ বিল বাবদ চলে যায় ৬ হাজার টাকা। স্ত্রীর চিকিৎসাসহ পরিবারের খরচ সব মিলিয়ে প্রতি মাসে প্রয়োজন ১৬ থেকে ১৭ হাজার টাকা। ঋণ করে চলছি। এখন অনেকে ঋণও দিতে চায় না। প্রায় দেড় লাখ টাকা ধারদেনা জমেছে। ঘরভাড়াও বাকি পড়েছে।’
কথা বলতে গিয়ে ছলছল করে ওঠে বশিরের চোখ। অনেকে ভিজিডি কার্ড ও টিসিবি কার্ডের সুবিধা পেলেও তিনি কখনো এসব কার্ড পাননি। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন অনেক মানুষ বাড়ি পেলেও তাঁর জোটেনি।
শিল্পীর পাশাপাশি গীতিকার হিসেবেও বশিরউদ্দিন সিলেটে সুপরিচিত। লিখেছেন পাঁচ শতাধিক গান। তাঁর প্রকাশিত বই চারটি। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত লোকসংগীতশিল্পী। ভারতেও গান পরিবেশন করেছেন। বশিরউদ্দিন জানান, করোনার কারণে গত দুই বছর পয়লা বৈশাখের আয়োজন ছিল না। এবারের পয়লা বৈশাখও সীমিত আয়োজনে হচ্ছে। ফলে তাঁর কোথাও গান গাইবার ডাক পড়েনি। অথচ করোনার আগে পয়লা বৈশাখে তাঁর ব্যস্ততার শেষ ছিল না। সেদিন আর নেই। তাঁর সামনের দিন এখন কালো মেঘে ঢাকা।