কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস মোকাবিলায় আরও কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে। যেন শত্রুরা কোনোভাবেই দেশ ও মানুষের মাঝে হানা দিতে না পারে।’
গতকাল বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) আয়োজিত প্রতিবাদ সভায় নাসিম এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।
নাসিম বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে, অথচ তাদের রাজনীতিতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। বিএনপি যেভাবেই কথা বলুক, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনরোষ ও ধিক্কার থেকে বাঁচার জন্য জন্মদিন পালন থেকে বিরত ছিলেন। ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের দক্ষিণ সাধারণ সম্পাদক শাহে আলম প্রমুখ।