কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা হবে: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে। কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, যেন কোনোভাবে শত্রু দেশ ও মানুষের মধ্যে হানা দিতে না পারে। ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
আজ বুধবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশ যখন উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন নানা চক্রান্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদী ও দেশবিরোধী শক্তিকে আমরা নির্মূল করব। স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোনো আপস নয়।’ তিনি বলেন, ‘যেভাবেই কথা বলুক না কেনো ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না এবং নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে।’
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে। অথচ তাদের রাজনীতিতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। তারা গণতন্ত্রের নামে জাতির জনককে সপরিবারে হত্যা করেছে, একুশে আগস্টসহ ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে, দেশব্যাপী সিরিজ বোমা হামলা করে। এ দেশের জনগণের আর বুঝতে বাকি নেই যে তারা কোন ধরনের গণতন্ত্র চায়। সুতরাং এদের উৎখাত করেই এ দেশের গণতন্ত্র টিকে থাকবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়া জনরোষ ও ধিক্কার থেকে বাঁচার জন্য জন্মদিন উদ্যাপন প্রত্যাহার করেছেন। অথচ বলছেন, নেতা-কর্মী ও বন্যায় দুর্গত মানুষের কথা বিবেচনা করে তিনি জন্মদিন পালন করছেন না। তাঁর বিগত দিনে এবং আজ অবধি চলমান এই নির্লজ্জ মিথ্যাচারের জন্যই এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ও বিএনপিকে রাজনীতি থেকে উৎখাত করব। স্বাধীনতার মাসে এই আমাদের অঙ্গীকার।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দীপু মনি বলেন, ১৯ বার শেখ হাসিনার ওপর হামলা, দেশব্যাপী বোমা হামলা, ২১ আগস্টে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর নির্লজ্জ হামলা, হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা স্বাধীনতার পরাজিত শক্তির ৭১-এর অসমাপ্ত কাজ বাস্তবায়িত করারই ধারাবাহিকতা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।