জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, রাষ্ট্রে যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁদের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। শুধু কথার ফুলঝুরি নয়, অধিকার রক্ষায় প্রয়োজনে সরকারকে আরও কঠোর হতে হবে। তবে কঠোর হওয়ার নামে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়। গ্রেপ্তার-বাণিজ্য যেন না হয়।
মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুপুরে ‘সহিংসতা ও মানবাধিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন ও পার্টনারস ইন ডেভেলপমেন্ট (পিআইডি) এ সেমিনারের আয়োজন করে।
মিজানুর রহমান বলেন, রাজনীতির উদ্দেশ্য জনকল্যাণ হলে মানুষ পুড়িয়ে হত্যা, ট্রেনলাইন উপড়ে নাশকতা, এগুলো কী? ২০-দলীয় জোটের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এক বছর একটা সরকার বৈধভাবে চলল, এখন অবৈধ হয়ে গেল? যেখানে বিশ্ব নির্বাচনকে বৈধতা দিয়েছে, সেখানে এক বছর পর এসে নির্বাচন অবৈধ বলার সুযোগ নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘যাঁরা সন্ত্রাস-জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছেন, তাঁদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। বিশ্বে এমন কোনো নজির নেই।’
মিজানুর রহমান এর আগে মাগুরা সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে নানা অব্যবস্থাপনা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘এখানে রোগীদের সেবা বলে কিছু নেই। চিকিৎসক-নার্স যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের চাকরি থাকা উচিত না।’