কঠোর হুঁশিয়ারির মধ্যেও শহীদ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষার মাসে আমরা শুনব জেলায় জেলায় ভাষা আন্দোলনের উত্তাল দিনের ঘটনা। আজ ঈশ্বরদী

জেলায় জেলায় ভাষা আন্দোলন
জেলায় জেলায় ভাষা আন্দোলন

সৈয়দপুরের মতো অতটা না হলেও ঈশ্বরদীতে অবাঙালি তথা বিহারিদের সংখ্যা নিতান্ত কম ছিল না। মোহাজের হিসেবে ভারত থেকে পূর্ববঙ্গে আসা সত্ত্বেও তাদের উচ্চম্মন্যতা যথেষ্টই দেখা গেছে। পাকিস্তান নিয়ে তাদের প্রচণ্ড অহমিকা ছিল লক্ষ করার মতো।
ঈশ্বরদীতে ভাষা আন্দোলনের সূচনা কিছুটা ভিন্ন ধারায় এবং তা বেশ চমকপ্রদ। তবে একটি তথ্য সৈয়দপুরের মতো ঈশ্বরদীর ক্ষেত্রেও সত্য যে এখানেও বিরূপ পরিস্থিতির কারণে ১৯৪৮ সালের মার্চের আন্দোলন জমে উঠতে দেখা যায়নি। কিন্তু ১৯৫২ সালে পরিস্থিতি কিছুটা ভিন্ন। হয়তো তাই মাড়োয়ারি পান বিক্রেতার দোকানে সচল রেডিও থেকে আকাশবাণী কলকাতার প্রচারিত খবর, ঢাকায় ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও হতাহতদের কথা শুনে বিচলিত হন কয়েকজন স্থানীয় ছাত্রনেতা।
তাৎক্ষণিক আবেগে অভিভূত ছাত্রনেতারা ঈশ্বরদীতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য নুরুল ইসলাম চৌধুরী, আবু মো. মুসা, বীরেন্দ্রনাথ রায়, সুশীল কুমার বিশ্বাস, আবদুল্লাহ আল মামুন খান প্রমুখ। এঁদের সঙ্গে ছিলেন কমিউনিস্ট নেতা মাহবুব আহমেদ খান ও আফসার উদ্দিন। এঁরা স্থানীয় স্কুলের ছাত্রদের সমবেত করে প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন। এ তথ্য জানান কিরণ আহমেদ।
এ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল মামুন এবং বীরেন্দ্রনাথ রায়, বিধুভূষণ মজুমদার, আবু মুসা প্রমুখ। ঢাকায় ছাত্রজনতার ওপর পুলিশের গুলিবর্ষণ বলাই বাহুল্য ছাত্রজনতার মধ্যে তীব্র সরকারবিরোধী প্রতিক্রিয়া সৃষ্টি করে। বটতলার এ সমাবেশ থেকে পথে বেরিয়ে আসে দীর্ঘ এক প্রতিবাদী মিছিল।
মিছিল চলে আসে স্থানীয় বালিকা বিদ্যালয়ের সামনে। ছাত্রীদের উদ্দেশে আহ্বান জানানো হয় ক্লাস বর্জনের। লক্ষণীয়, ছাত্রীরা মিছিলের ডাকে সাড়া দেয়। মিছিলটি ঈশ্বরদী বাজার হয়ে ডাকবাংলা মাঠে এসে ছাত্রনেতাদের সহযোগিতায় আরও একটি সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আফসারউদ্দিন আহমেদ। এ সভায় বক্তব্য দেন মাহবুব আহমদ খান, স্কুলশিক্ষক মজিবর রহমান, আবুল কালাম প্রমুখ। সভায় শহীদদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাষ্ট্রভাষা বাংলার দাবি আদায়ের এ আন্দোলনে স্থানীয় বিহারি ছাত্ররা যোগ না দিলেও সৈয়দপুরের মতো প্রত্যক্ষ বিরোধিতা করতে সাহস পায়নি। বরং বাঙালি ছাত্রনেতাদের সিদ্ধান্ত—এরপর বিহারি ছাত্রদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এ পরিপ্রেক্ষিতে পরদিন ২২ ফেব্রুয়ারি ছাত্রনেতারা স্কুলগেটে অবস্থান নেন এবং বিহারি ছাত্রদের স্কুলে ঢুকতে বাধা দেন।
বিহারি ছাত্ররা স্কুল-ধর্মঘটের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্লাস করতে চাইলে দুই পক্ষে সংঘাত হয়। বিহারি ছাত্ররা স্কুল কমিটি, স্থানীয় মুসলিম লীগ নেতা নুরুজ্জামান খান এবং শিক্ষাসহ সরকারের বিভিন্ন অধিদপ্তরে বিচারের দাবি করে। এ পরিপ্রেক্ষিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার স্কুল কমিটির প্রধান এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে ছাত্রদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এই বলে যে ভাষা আন্দোলনের নামে পাকিস্তানবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এই নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট ছাত্রদের স্কুল থেকে বহিষ্কার করা হবে।
প্রশাসনের এ হুঁশিয়ারি ছাত্রদের মধ্যে তীব্র প্রতিবাদী প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভাষা আন্দোলনের ছাত্রছাত্রীদের ঐক্য আরও দৃঢ়তা পায়। এবং ২৪ ফেব্রুয়ারি স্থানীয় ছাত্রছাত্রীদের সংগঠিত করে ছাত্রনেতারা আন্দোলনে গতিবেগ সঞ্চারের চেষ্টা চালান। এ সময় স্থানীয় স্কুলের ছাত্রীরা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণে এগিয়ে আসেন। ছাত্রীদের এ তৎপরতায় নেতৃত্ব দেন সুফিয়া বেগম, জাহানারা প্রধান, নূরজাহান বেগম, হালিমা খাতুন, রাবেয়া খাতুন প্রমুখ ছাত্রী।
১৯৫২ সালের ফেব্রুয়ারিতে ছাত্রছাত্রীদের তৎপরতায় সংঘটিত ভাষা আন্দোলন অবাঙালি ছাত্র ও প্রশাসনের বাধা সত্ত্বেও নির্দিষ্ট সময় ও পরিসীমায় শেষ হয়। ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে সরকারি নির্দেশে স্কুল থেকে বহিষ্কার করা হয় অগ্রণী ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনকে। পড়াশোনা অব্যাহত রাখতে তিনি ভর্তি হন পাকশীর একটি স্কুলে।
১৯৫৩-এর ভাষাশহীদ দিবস উদ্যাপনে ঢাকায় গৃহীত কর্মসূচির প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এর সাংগঠনিক তৎপরতা বায়ান্নর চেয়ে কোনো অংশে কম ছিল না। বরং তুলনায় তা অনেক বেশি সংহত ছিল বলে আমার বিশ্বাস। বিরোধিতার মুখেও ঈশ্বরদীর ছাত্রছাত্রীরা দিনটি যথাযথ মর্যাদায় পালন করেন।
পরিকল্পনামাফিক চেষ্টা চলে নাজিমুদ্দিন স্কুলের বিহারি ছাত্রদের আন্দোলনে, মিছিলে টেনে আনতে। কিন্তু এর ফল হয় বিপরীত। তর্ক ও বাদানুবাদে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। বাঙালি ছাত্র মিছিলে হামলায় যুক্ত হয় পুলিশের লাঠিপেটা। সংঘর্ষে আহত হন লুৎফর রহমান, আবু মো. মুসা প্রমুখ ছাত্রনেতা। পুলিশ এঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এত সব সত্ত্বেও শহীদ দিবস ঈশ্বরদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়। একইভাবে সমাপন ১৯৫৪-এর শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি।