বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের গ্রেপ্তার করে পরিস্থিতি মোকাবিলা করার বিশেষ কৌশল নিয়ে মাঠে নামছে সরকার। এ জন্য ১৭ ডিসেম্বর থেকে জোরেশোরে অভিযানে নামবে র্যাব ও পুলিশ। আর তাদের সহায়তা করতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের প্রস্তুত রাখা হচ্ছে।
পাশাপাশি সরকারি দলের নেতা-কর্মীদের মাঠে নামতে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে গত শনিবার বিদ্যমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় কঠোর হওয়ার কথা বলেছিলেন। এর পরই গতকাল রোববার দলীয় নেতারাও একই সুরে কথা বলতে শুরু করেছেন। আর এসব নিয়ে নির্দেশনা দেওয়ার জন্য গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ বৈঠক করেছে।
গতকাল সকালে অস্ত্রসজ্জিত হেলিকপ্টার নিয়ে ঢাকার আকাশে টহল দিয়েছেন র্যাব সদস্যরা। এর আগে রাতে সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, রেলপথে বা মহাসড়কে যারা অগ্নিসংযোগ, ভাঙচুর বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা হরতাল ডেকেছে এবং এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় কৌশল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যেকোনো উপায়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সরকারের এসব নির্দেশনা মানতে প্রশাসন ও পুলিশকে সহায়তা করতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দলীয় নেতা-কর্মী বা জনপ্রতিনিধিদের গাফিলতি পাওয়া গেলে তাদের দায়ী করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পুলিশ-র্যাব-বিজিবি-আনসারকে সমষ্টিগতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে বিএনপি ও জামায়াত-শিবিরের পরিকল্পিত সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করা নিয়ে আলোচনা হয়। কয়েকজন মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে আর কতদিন চলবে? মাসের পর মাস তো এভাবে চলতে পারে না। চোরাগোপ্তা হামলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থার এক পদস্থ কর্মকর্তা প্রথম আলোর কাছে দাবি করেন, সরকার মনে করছে এ ব্যবস্থায় বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, পরিস্থিতি বর্তমানের চেয়ে খারাপ হলে তা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে কি না তা নিয়ে খোদ পুলিশের ভেতরেই সংশয় রয়েছে।
তবে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যা সামাল দেওয়া পুলিশের পক্ষে অসম্ভব। তাঁর দাবি, পুলিশ কার্যকর ভূমিকা পালন করেছে।
এদিকে, গতকালই পুলিশের এক ডিআইজি, দুই অতিরিক্ত ডিআইজি ও পাঁচ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রেলওয়ের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, সাতক্ষীরা ও দিনাজপুরের পুলিশ সুপারও আছেন।
পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, সারা দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ কিছুই করতে পারছে না। কোথাও কোথাও পুলিশ সদস্যরা সহিংসতায় জড়ানোর ভয়ে হাত গুটিয়ে বসে আছেন। ঘটনা না ঘটলে পুলিশ আর বের হচ্ছে না। ঢাকার পুলিশ কর্মকর্তারা নানা কৌশল নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। কিন্তু তার পরও পরিস্থিতি সামাল দিতে পারছেন না। সর্বশেষ গত শুক্রবার খোদ রাজধানীতেও তাণ্ডব চালান জামায়াত-শিবির কর্মীরা। পুলিশ এঁদের ভিডিও চিত্র দেখে শনাক্ত করার চেষ্টা করছে।
সাতক্ষীরায় অভিযান: সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় শনিবার রাত ১১টার দিকে কলারোয়া উপজেলা সদরের একটি ঢাকাগামী বাস কাউন্টার থেকে তাঁদের আটক করা হয়। আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে কলারোয়ার চারজন আওয়ামী লীগের নেতা-কর্মী খুনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা সদর কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে শনিবার রাত ১১টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কলারোয়া সদরের এসপি গোল্ডেন নামের একটি পরিবহন সংস্থার ঢাকাগামী বাস কাউন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁদের সাতজনকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পাঁচজনকে গাছ কেটে অবরোধ করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।