কঠোর আইন পাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জাতীয় জাদুঘরের সামনে গতকাল  সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের মানববন্ধন ।  প্রথম আলো
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জাতীয় জাদুঘরের সামনে গতকাল সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের মানববন্ধন । প্রথম আলো

দশম সংসদের প্রথম অধিবেশনেই সাম্প্রদায়িক সহিংসতা দমনে কঠোর আইন পাস করতে হবে। একই সঙ্গে বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে হিন্দু সম্প্রদায় ও আদিবাসীদের ওপর হামলাকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক সমাবেশ-মানববন্ধনে সরকার এবং প্রশাসনের প্রতি এসব দাবি জানিয়েছে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনগুলো। এ ছাড়া পৃথক বিবৃতিতে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি সংগঠন।
জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত মানববন্ধনে মঞ্চের সমন্বয়ক অজয় রায় বলেন, ‘স্বাধীন বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরা যেন নিজ ভূমে পরবাসী।’ নতুন সংসদের প্রথম অধিবেশনেই সাম্প্রদায়িকতা-বিরোধী কঠোর আইন তৈরির দাবি জানান তিনি। সরকার ও প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ মন্তব্য করে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, এখন অন্তত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করুন।
মানববন্ধনে ঘোষণাপত্র পাঠ করেন মঞ্চের সদস্যসচিব নুর মোহাম্মদ তালুকদার। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খেলাঘরের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভুঁইয়া, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, নারীনেত্রী রোকেয়া কবির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। মানববন্ধনে আরও অংশ নেয় বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানীর নেতৃত্বে সাম্প্রদায়িকতা প্রতিরোধ ব্রিগেড, হায়দার আনোয়ার খানের সভাপতিত্বে গণসংস্কৃতি ফ্রন্ট। ছিল মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, আদিবাসী যুব পরিষদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনাল গঠন ও সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের ঘরবাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান পুনর্নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জানান, ২৫ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে দেশের প্রায় ৩২টি জেলায় হিন্দু সম্প্রদায় ও আদিবাসীদের ৪৮৫টি বাড়িঘর, ৫৭৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, ১৫২টি মন্দিরে অগ্নিসংযোগ-লুটপাট করা হয়েছে। নির্বাচনোত্তর চার দিনের হামলায় আনুমানিক দুই হাজার ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে দেশের নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানিয়েছেন সভাপতি আয়শা খানম। তিনি আরও বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, সীমা মোসলেম, রাখী দাশ পুরকায়স্থ প্রমুখ বক্তব্য দেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহতের আহ্বান জানিয়ে একই স্থানে সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, উন্নয়নকর্মীদের প্ল্যাটফর্ম, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ। আইন ও সালিশ কেন্দ্র এক বিবৃতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের আহ্বান জানিয়েছে।
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।