কঠোর আন্দোলনের হুমকি বণিক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ক্ষতিগ্রস্ত এক ফল ব্যবসায়ীর ক্ষতিপূরণ না দিলে রমজানের পর কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন বণিক সমিতির নেতারা।গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর বণিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ী নেতারা এক সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি এই হুমকি দেন। লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম বলেন, ১৬ জুলাই বিকেলে শহরের থানা রোডের ফল ব্যবসায়ী নুরুল ইসলাম কাজীর ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোফতাদিরুল আহামেদের নেতৃত্বে লক্ষ্মীপুর পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর ফজলে এলাহী রাব্বানিসহ ভ্রাম্যামাণ আদালত খেজুরে ফরমালিন আছে বলে কাজীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তাঁর গোডাউনে রক্ষিত ১৭৫ বস্তা খেজুর পার্শ্ববর্তী রহমত খালী খালে ফেলে বিনষ্ট করা হয়। খেজুরগুলোর বর্তমান বাজারমূল্য চার লাখ ২০ হাজার ৮৭৫ টাকা। পরে ১৯ জুলাই বণিক সমিতির পক্ষ থেকে খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে খেজুরগুলো পরীক্ষা করালে ফরমালিনমুক্ত বলে রিপোর্ট প্রদান করে।