কঠোর কর্মসূচি অব্যাহত রাখতে চায় বিএনপি-জামায়াত
রাজপথে কঠোর কর্মসূচির ধারা অব্যাহত রাখবে বিএনপি ও জামায়াতে ইসলামী। চলতি মাসে আরও হরতাল দেওয়ার চিন্তাও রয়েছে বলে দল দুটির একাধিক সূত্র থেকে জানা গেছে।গত মঙ্গলবার রাতের ১৮ দলীয় জোটের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কর্মসূচি পালন করা হবে জোটগতভাবে। এর আগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠার পর জামায়াতকে সঙ্গে নিয়ে কর্মসূচি পালন থেকে দূরে থাকার কৌশল নিয়েছিল বিএনপি। তবে, জামায়াত জোটের বাইরে এককভাবেও কিছু কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।আজ শুক্রবার ‘সরকারি বাহিনীর গণহত্যার শিকার শহীদ’ ও আহত ব্যক্তিদের জন্য সারা দেশে দোয়া দিবস পালনের কর্মসূচি দিয়েছে জামায়াত। আর ‘পুলিশ ও র্যাবের গুলিতে নিহতদের’ স্মরণে কাল শনিবার রাজধানীর নয়াপল্টনে ‘গায়েবানা জানাজা’ কর্মসূচি রয়েছে ১৮ দলীয় জোটগতভাবে। পরদিন রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় সাত নেতার জামিনের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা রয়েছে।বিএনপি ও জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গায়েবানা জানাজা কর্মসূচিতে বাধা দেওয়া হলে অথবা পরদিন উচ্চ আদালতে বিএনপির নেতাদের জামিন না হলে আগামী সপ্তাহে আবার হরতাল ডাকার চিন্তা রয়েছে।অবশ্য ১৮ দলের পরবর্তী কর্মসূচি ঠিক করতে গত রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির ১০ জন সদস্য অংশ নেন। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, কাল শনিবারের গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ কর্মসূচি দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে তারিখ চূড়ান্ত করা হয়নি। এ ছাড়া সরকারের আচরণ দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।এর আগের রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের বৈঠকে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত হয়। এক দফার আন্দোলনে নামার মতো সাংগঠনিক প্রস্তুতি বিএনপির রয়েছে কি না, জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এক দফা নয়, যেকোনো দফার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।’