কঠোর কর্মসূচি না দেওয়ার অর্থ পিছু হটা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ১১ জুনের গণসমাবেশ থেকে কঠোর কর্মসূচি না দেওয়ার অর্থ আন্দোলন থেকে বিএনপির পিছু হটা নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তাঁর দল দাবি মানতে ঈদ পর্যন্ত সময় দিয়েছে, যেন সরকারের শুভবুদ্ধির উদয় হয়।গত বৃহস্পতিবার রাতে কারামুক্ত হওয়ার পর উত্তরার নিজ বাসভবনে গতকাল শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, তা মানবিক নয়। এ বক্তব্য দেশের মানুষ ভালোভাবে নেয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় প্রায় এক মাস কারাবন্দী থাকার পর বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল। দেশে এখনো ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে কেউ কখনো ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়ন করতে পারবে না। বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য নাজমুল হুদার দল থেকে পদত্যাগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে। তবে সফল হয়নি, সফল হবেও না। দল ভাঙা যাবে না। নাজমুল হুদাকে উদ্দেশ করে বলেন, ‘খড়কুটো ভেসে গেলে বিএনপির মতো বড় দলের কোনো ক্ষতি হবে না।’ ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, এতজন কেন্দ্রীয় নেতাকে একসঙ্গে কারাগারে রাখা নজিরবিহীন। এ ঘটনায় সরকার লাভবান হয়নি, বরং ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা, সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে খেপে উঠেছে। বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। সরকারের নির্যাতন আরও বাড়বে: সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষে বাংলাদেশ মফস্বল মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার জনসমর্থন হারিয়ে ফেলেছে। তাই বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ নির্যাতনের মাত্রা আরও বাড়বে। জাতীয় প্রেসক্লাবে গতকাল সভা হয়।